‘কেবল ওয়াসিম আকরাম নয়, বুমরাহ আমাদের সবার চেয়ে ভালো’
ভারতের সাবেক ব্যাটসম্যান আকাশ চোপড়াকে এমনটা বলেছিলেন পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াকার ইউনিস।
ভারতের তো বটেই, বর্তমানে বিশ্বের সেরা বোলারদের একজন জাসপ্রিত বুমরাহ। তিনি কি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের মতো ভালো? ওয়াসিমের দীর্ঘদিনের সতীর্থ ও পাকিস্তানের আরেক পেস বোলিং গ্রেট ওয়াকার ইউনিসের চোখে, শুধু ওয়াসিম নয়, ক্রিকেট বিশ্বের সেরা বোলার বুমরাহ। ভারতের সাবেক ব্যাটসম্যান আকাশ চোপড়াকে নাকি এমনটা বলেছিলেন ওয়াকার।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সফলতম বোলার ওয়াসিম। আন্তর্জাতিক ক্রিকেটে তার চেয়ে বেশি উইকেট নেই দেশটির কারো। ১০৪ টেস্টে ৪১৪ উইকেট ও ৩৫৬ ওয়ানডেতে ৫০২ উইকেট রয়েছে তার নামের পাশে। দুই সংস্করণেই পাকিস্তানের হয়ে যা সর্বোচ্চ। টেস্টে ৩৭৩ ও ওয়ানডেতে ৪১৬ উইকেট নিয়ে তালিকায় দুইয়ে ওয়াকার।
ওয়াসিমের সবচেয়ে বড় অস্ত্র ছিল বলের ওপর তার নিয়ন্ত্রণ। সঙ্গে সুইং ও সিম বোলিংয়ে ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছাড়তেন তিনি। আর ভয়ঙ্কর সব বাউন্সার ও স্লোয়ার ডেলিভারিতে চমকে দিতেন ব্যাটসম্যানদের। প্রতিপক্ষের জন্য ত্রাস ছিলেন বাঁহাতি এই পেসার।
ওয়াসিমের মতো বুমরাহও এখন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য ভয়ের কারণ। বলের ওপর তার নিয়ন্ত্রণও অসাধারণ। অপ্রচলিত বোলিং অ্যাকশন, হাত থেকে দেরিতে বল ছাড়া ও বলে বৈচিত্র্য আনায় বেশ পারদর্শী তিনি। ছোট্ট রানআপে দুর্দান্ত সব ইয়র্কার, স্লোয়ার, বাউন্সারে কাবু করেন ব্যাটসম্যানদের। অনেকের মতে, বোলিং বৈচিত্র্যে ব্যাটসম্যানদের বোকা বানানোয় কিছু ক্ষেত্রে তো ওয়াসিমকেও ছাড়িয়ে গেছেন বুমরাহ।
ওয়াসিমের মতো অবশ্য এখনও অত বেশি ম্যাচ খেলতে কিংবা উইকেট নিতে পারেননি বুমরাহ। তবে এখন পর্যন্ত যা করেছেন, তাতেই তাকে বিশ্বের সেরাদের কাতারে রাখেন কেউ কেউ। ৪৮ টেস্ট খেলে এরই মধ্যে ২১৯ উইকেট নিয়েছেন বুমরাহ। ৮৯ ওয়ানডেতে ডানহাতি এই বোলারের শিকার ১৪৯ উইকেট। ভারতের জার্সিতে ৭০ টি-টোয়েন্টি ৮৯ উইকেট নিয়েছেন তিনি।
‘ওয়ার্কলোড ম্যানেজ’ করতে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের তিনটি খেলা বুমরাহকে নিয়ে ভারতীয় ক্রিকেটে এখন চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সেই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময়, বুমরাহ ভারতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরেন আকাশ চোপড়া। তখনই বুমরাহর সম্পর্কে ওয়াকারের বলা কথাটি সামনে আনেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ।
“আমরা গাড়িতে ছিলাম। ওয়াকার ইউনিস সঙ্গে ছিলেন। আমি তাকে জিজ্ঞাস করলাম, ‘পুরো ক্রিকেট বিশ্ব ওয়াসিম আকরামকে তার বোলিংয়ের বৈচিত্র্য ও নিয়ন্ত্রণের জন্য সম্মান করে। তিনি ছিলেন এই ঘরানার বোলারদের মধ্যে সেরা। বুমরাহ ডানহাতি ওয়াসিম আকরামের মতো, তাই না?’ ওয়াকার বললেন, ‘না, সে (বুমরাহ) আমাদের সবার চেয়ে ভালো। ওর বয়সে আমাদের চিন্তা-ভাবনা এই পর্যায়ে ছিল না। তার স্কিল ভালো, চিন্তাশক্তিও চমৎকার। সে ইতিহাসের সেরা বোলার’।”
ফিট থাকতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত রাখতে যদি বিশ্রাম নিয়ে খেলতে হয় বুমরাহর, এতে আপত্তির কিংবা সমালোচনার কিছু দেখেন না আকাশ চোপড়া।
