১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শামিকে নিয়ে ‘ভারতের ভাবনা ভিন্ন’, হাল ছাড়তে মানা জাহিরের

এমন পরিস্থিতিতে শামির কী করা উচিত, সেটা একান্তই তার সিদ্ধান্ত বলে মনে করেন ভারতের সাবেক পেসার।

শামিকে নিয়ে ‘ভারতের ভাবনা ভিন্ন’, হাল ছাড়তে মানা জাহিরের
জাহির খানের সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারায় মোহাম্মাদ শামি (ডানে)। ছবি: দিল্লি ডেয়ারডেভিলস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 04:46 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

আরেকটি সিরিজের স্কোয়াডে জায়গা না পাওয়ায়, জাতীয় দলে মোহাম্মাদ শামির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। জাহির খানের মনে হচ্ছে, জাতীয় দলের নির্বাচকদের ভাবনায় এখন আর আগের জায়গায় নেই শামি। তবে ভারতের অভিজ্ঞ এই পেসারকে হাল ছেড়ে না দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির পেস বোলিং গ্রেট।

এক বছরের বেশি সময় ধরে ভারত দলের বাইরে শামি। সবশেষ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তিনি ২০২৫ সালের মার্চে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে। ওই আসরে ভারুন চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে দলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেলেও জাতীয় দলের দুয়ার খোলেনি তার জন্য। প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফির গত আসরে বাংলার সেমি-ফাইনালে খেলায় বড় অবদান রাখেন তিনি। সাত ম্যাচে ১৬.৭২ গড়ে ৩৭ উইকেট নেন এই ক্রিকেটার। ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফি ও লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফিতেও ভালো করেন শামি। গত আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ১৩ ম্যাচ খেলে নেন ১২ উইকেট।

কিন্তু তার এসব পারফরম্যান্স ভারত দলের নির্বাচকদের মন জয় করতে পারেনি। গত মে মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে শামিকে না রাখা নিয়ে ভারতের প্রধান নির্বাচক আজিত আগারকার বলেছিলেন, ‘দল নির্বাচনে শামিকে নিয়ে তো আলোচনাই হয়নি।’

আগারকারের ওই কথাতেই স্পষ্ট, ৩৫ বছর বয়সী বোলারকে নিয়ে ভাবছেন না ভারতের নির্বাচকরা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে তার জায়গা না পাওয়া তাই একরকম অনুমিতই ছিল। চোটের কারণে তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ছিটকে পড়ার পরও শামিকে ডাকেনি ভারত। বুমরাহর বদলি হিসেবে জম্মু ও কাশ্মীরের আকিব নাবিকে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ দেয় তারা।

এমন পরিস্থিতিতে কী করা উচিত, টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শামিকে সেই পথ বাতলে দিয়েছেন ভারতের হয়ে ৯২ টেস্ট, ২০০ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলা বাঁহাতি পেসার জাহির।

“(একজন খেলোয়াড়) কীভাবে সামনে এগোতে চায়, সেটা তার সিদ্ধান্ত। যদি ম্যাচ খেলতে থাকেন এবং ভালো পারফর্ম করেন, তাহলে সবসময়ই বিবেচনায় থাকবেন। আমি বিষয়টিকে এভাবেই দেখি। দলের ভাবনা ভিন্ন হতে পারে, তবে আপনার ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ। যদি অবদান রাখতে চান, তবে সেটা আপনার সিদ্ধান্ত।

দল বিষয়গুলোকে কীভাবে দেখছে এবং সামগ্রিক পরিস্থিতি কী, সেটা বুঝে নিজের অবস্থান ও ভাবনাটাও পর্যালোচনা করতে পারেন। এমন পরিস্থিতিতে (দলের জন্য) কীভাবে নিজেকে কাজে লাগাতে পারেন? খেলোয়াড় হিসেবে শামি যেটা করছে, সেটাই করে যাওয়া উচিত। সে খেলছে। আপনি যেটা বললেন, সে ম্যাচ খেলছে। আর এটাই গুরুত্বপূর্ণ।”

আগামী শনিবার গলে শুরু ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। দ্বিতীয়টি কলম্বোয়, শুরু ২৩ অগাস্ট।