Published : 08 Dec 2025, 04:44 PM
লিগ বর্জনের ঘোষণা দেওয়া ক্লাবগুলোর জন্য আর অপেক্ষা করতে রাজি নয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। যে কয়টি ক্লাব প্রস্তুত, তাদের নিয়েই প্রথম বিভাগ লিগ আয়োজনের উদ্যোগ নিচ্ছে তারা। ২০ দলের মধ্যে ১২টি দলকে নিয়ে লিগ আয়োজনের সবরকম প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
গত অক্টোবরের বিসিবি নির্বাচন ও বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ ঘোষণা করে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় ৪৩টি ক্লাব। এরপর নানা দেনদরবার চললেও তাদের অবস্থান বদলায়নি। উল্টো গত মঙ্গলবার সংবাদ তারা জানায়, ৪৫টি ক্লাব নিজেদের অবস্থানে অটল।
এর মধ্যে প্রথম বিভাগের ক্লাব ৮টি। গত ৫ ও ৬ নভেম্বরে প্রথম বিভাগের দলবদলে সেই ৮ ক্লাব অংশ নেয়নি। পরে তাদের জন্য দ্বিতীয় দফায় সুযোগ দেওয়া হয়। কিন্তু গত শুক্র ও শনিবার সেই নির্ধারিত দুই দিনেও তাদের কাছ থেকে মেলেনি ইতিবাচক সাড়া।
তাই শেষ পর্যন্ত দলবদলে অংশ নেওয়া ১২টি ক্লাবকে নিয়েই আগামী বৃহস্পতিবার থেকে লিগ শুরু করতে চলেছে সিসিডিএম। বাকি ৮টি ক্লাব এবারের আসরে অংশ নিচ্ছে না, তা এককরম নিশ্চিত।
লিগ শুরুর আগে বুধবার বিকেল ৩টায় লিগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করবে সিসিডিএম।
সোমবার সিসিডিএম অফিসে গিয়ে দেখা যায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং লিগের সেরা খেলোয়াড়ের জন্য ট্রফি কেনার কাজ শেষ হয়েছে। সিসিডিএম কর্মকর্তারা জানান, মোহাম্মদপুরের সিলিকন ভ্যালি মাঠে লিগের উদ্বোধন করা হতে পারে।
ডটকমকে সিসিডিএম প্রথম বিভাগ ক্রিকেট লিগের সমন্বয়কারী জামাল ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর জানান, সময় বাড়িয়েও নতুন কোনো ক্লাব দলবদলে অংশ না নেওয়ায় আমাদের কাছে আর কোনো সুযোগ নেই।
“নভেম্বরের ৫ ও ৬ তারিখ দলবদলে ১২টি ক্লাব অংশ নিলেও ৮৯ জন ক্রিকেটার দলবদলের অংশ হিসাবে টোকেন তুলেছিলেন। কিন্তু সেই টোকেন জমা দেননি কেউই। নতুন সময় বাড়িয়েও নতুন কোনো ক্লাব দলবদলে অংশ না নেওয়ায়, এখন পর্যন্ত প্রস্তুত ১২ দল নিয়েই লিগ শুরু হবে।’’
তবে সিসিডিএম আরও জানিয়েছে, বুধবারের মধ্যে যদি কোনো ক্রিকেটার টোকেন জমা দেন, তবে তাদেরকে খেলোয়াড় তালিকায় যুক্ত করা হবে। এই কারণে আপাতত লিগের সূচি প্রকাশ করা হচ্ছে না।
এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে যে ১২টি ক্লাব অংশ নিচ্ছে, সেগুলো হলো- শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট, ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর, স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
গত ২৯ নভেম্বর এই অচলাবস্থা কাটাতে ঢাকার ৭৬টি ক্লাবকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবও লিগ শুরু করার জন্য বিসিবির সঙ্গে যৌথভাবে চেষ্টা চালায়। ঢাকার একটি হোটেলে বিসিবি কর্তা ও কোয়াবের প্রতিনিধি ছাড়াও জাতীয় দলের অনেক ক্রিকেটার উপস্থিত ছিলেন। কিন্তু ক্লাব ক্রিকেটের মৌসুম বয়কটের ঘোষণা দেওয়া ৭৬ ক্লাবের বড় অংশের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।
ফলে লিগ শুরু হয়ে গেলে বাকি আট দলের খেলোয়াড়দের ভাগ্য কী হবে, তা নিয়ে নতুন করে সঙ্কট দেখা দিতে পারে। বিসিবি অবশ্য ইঙ্গিত দিয়েছে, যদি শেষ পর্যন্ত এই আটটি দল প্রথম বিভাগ লিগ থেকে নিজেদের বিরত রাখে, তাহলে লিগের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিয়ে একটি বিকল্প লিগ আয়োজন করা হতে পারে।