ইয়ো-ইয়ো কিংবা বিপ টেস্টের বদলে যে কারণে এখন ক্রিকেটারদের টাইম ট্রায়াল
টাইম ট্রায়ালে ব্যক্তিগত সেরা ফল করেছেন ১২ ক্রিকেটার, স্ট্রেংথ টেস্টে সেরা ফলাফল এসেছে ৫৬টি, এশিয়া কাপের আগে ক্রিকেটারদের ফিটনেসে দারুণ সন্তুষ্ট বাংলাদেশ দলের ট্রেনার ন্যাথান কাইলি।
সাতসকালে শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে নানা কসরতের পর মূল মাঠে রানিং অনুশীলন। ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন ধাপে দৌড়ানোর পরীক্ষা বারবার। ক্লান্তিকর সেই প্রক্রিয়া চলল লম্বা সময় ধরে। সাড়ে ৯টায় শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ১০টা বেজে গেল। শেষ পর্যায়ে ক্রিকেটারদের কেউ নুয়ে পড়লেন, কেউ শুয়ে পড়লেন। পুরো সেশন সেশন হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর একাডেমি মাঠের দিক যেতে যেতে শুকনো হাসিতে এক ক্রিকেটার বললেন, “সব বের হয়ে গেছে ভাই…”, মজাটুকু করে পরমুহূর্তে যোগ করলেন, “খুব দরকার ছিল এই ফিটনেস ক্যাম্পের…।”
গত ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দিন দশেকের ছুটি ছিল ক্রিকেটারদের। এরপর শুরু হয়েছে এই ফিটনেস ক্যাম্প। বিসিবি বা জাতীয় দলের কোচিং স্টাফরা তো বটেই, ক্রিকেটাররাও প্রয়োজনীয়তা অনুভব করছিলেন এই ফিটনেস ক্যাম্পের। সামনেই যে একের পর এক সিরিজ ও টুর্নামেন্ট!
কয়েক দিনের ফিটনেস ট্রেনিংয়ের পর মঙ্গলবার সকালে বাংলাদেশ দলের ট্রেনার ন্যাথান কাইলি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ক্রিকেটারদের ফিটনেসে তিনি দারুণ সন্তুষ্ট।
একটা সময় ক্রিকেটারদের এই ধরনের ফিটনেস ক্যাম্পে ইয়ো-ইয়ো টেস্ট কিংবা বিপ টেস্ট ঘিরে কৌতূহল থাকত অনেক। বাংলাদেশ দলে নানা সময়ে দুটিই চালু ছিল। কাইলি ট্রেনার হয়ে আসার পর চালু করেছেন টাইম ট্রায়াল। জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে ১৬০০ মিটার দৌড়ানোর পরীক্ষা। এবারের ক্যাম্পে সেই টাইম ট্রায়াল হয়েছে গত রোববার। সেখানে ৫ মিনিট ৩১ সেকেন্ড ১৬০০ মিটার শেষ করে সবার সেরা হয়েছেন দেশের দ্রুততম বোলার নাহিদ রানা।
ইয়ো-ইয়ো আর বিপ টেস্ট এখন বেশি প্রচলিত হলেও বাংলাদেশের জন্য টাইম ট্রায়াল বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন ট্রেনার কাইলি।
“এটা নিয়ে প্রায় বিতর্ক হয় যে সেরা পরীক্ষা আসলে কোনটি। আমি টাইম ট্রায়াল বেছে নিয়েছি, কারণ আমাদের জন্য এটা মেলে ধরাটা সিম্পল। অ্যাথলেটিক ট্র্যাকে চার চক্কর দৌড়াতে কোনো উপকরণের প্রয়োজন পড়ে না। ঘাসে ভরা ক্রিকেট মাঠেও এটা পরীক্ষা করা যায়। জাতীয় দলের পাশাপাশি আমাদের ঘরোয়া ক্রিকেটেও এটা করাটা বেশি সুবোধ্য।”
“এছাড়া টাইম ট্রায়ালের ফলাফল নিয়ে বিতর্কও কম। ইয়ো ইয়ো বা বিপ টেস্টে কখনও কখনও ক্রিকেটাররা অল্পের জন্য ব্যর্থ হয়, কিন্তু তারা শেষ না করা পর্যন্ত থামানো কঠিন। টাইম ট্রায়ালের দারুণ ব্যাপার হলো, ঘড়ি কখনও মিথ্যা বলে না। আমার অভিজ্ঞতা বলে, যারা ইয়ো ইয়ো বা বিপ টেস্টে জেতে, তারা টাইম ট্রায়ালও জিতে নেয়। ওই পরীক্ষাগুলোয় যারা ভালো করে না, তারা টাইম ট্রায়ালেও ভালো করে না।”
সামনে জাতীয় লিগ শুরুর আগে ঘরোয়া ক্রিকেটারদেরও এই টাইম ট্রায়াল দিতে হবে। কাইলি জানালেন, টাইম ট্রায়াল বেছে নেওয়ার আরেকটি কারণ জাতীয় ক্রিকেটারদের সঙ্গে ঘরোয়া ক্রিকেটারদের এক সূতোয় গাঁথা।
“এখানেও বোঝা যায় যে, কোন ক্রিকেটার ফিট আর কোন ক্রিকেটারকে আরও কাজ করতে হবে, পরীক্ষা যেভাবেই হোক। আমার জন্য মূল ব্যাপার ছিল, কোন পরীক্ষাটা মেলে ধরা তুলনামূলক সহজ হবে এবং কোনটির ফলাফল বেশি নির্ভরযোগ্য হবে, সেটি আমি পরিচালনা করি বা জাতীয় লিগের কানো বিভাগের দলে হোক। এভাবে রানিং পরীক্ষা নিলে মানদণ্ড একই থাকবে।”
তবে স্রেফ টাইম ট্রায়ালে ভালো বা খারাপ করার ওপরই যে সামগ্রিক ফিটনেস নির্ভর করে না, সেটিও পরিষ্কার করে দিলেন কাইলি।
“কোনো ক্রিকেটার হয়তো টাইম ট্রায়ালে খুব ভালো করেনি, কিন্তু আপনারা হয়তো দেখছেন না, জিমে শক্তি পরীক্ষার কাজে সে নিজের সেরা ফলাফল করেছে! হতে পারে, ওই ক্রিকেটারের নির্দিষ্ট এই জায়গাটিতেই আমরা বেশি জোর দিচ্ছিলাম। পুরো ব্যাপারটিই হলো উপলব্ধি করার যে, কোথায় তারা ভালো এবং কোথায় কাজ চলছে। ক্রিকেটাররাও জানে কোথায় তাদের কাজ করতে হবে এবং সব জায়গায় উন্নতি করার জন্য তাদের প্রচেষ্টা ও মানসিকতা দারুণ।”
টাইম ট্রায়ালে নাহিদ রানার দুর্দান্ত ফলাফল ছাড়াও নিজেদের ছাড়িয়ে গেছেন আরও ১১ ক্রিকেটার। শক্তির পরীক্ষায়ও ব্যক্তগিত সেরা ফলাফলের জোয়ার ছিল। ক্রিকেটারদের এমন উন্নতি তেখে উচ্ছ্বসিত ট্রেনার কাইলি।
“সেদিন জাতীয় স্টেডিয়ামে কিছু পরীক্ষা হয়েছে আমাদের। সেখানে স্প্রিন্ট পরীক্ষা ও টাইম ট্রায়াল ছিল। টাইম ট্রায়ালে ১২ জনের ব্যক্তিগত সেরা টাইমিং হয়েছে এবার। এখানে তাই অনেক ক্রিকেটারের উন্নতি হচ্ছে। বিশেষ করে নাহিদ রানার পারফরম্যান্স তো অসাধারণ ছিল। ১৬০০ মিটার টাইম ট্রায়ালে সে ৫ মিনিট ৩১ সেকেন্ড নিয়েছে। তবে দল হিসেবে আমরা চেষ্টা করছি সামগ্রিকভাবে সেখানে উন্নতি করতে।”
“এখানে (মিরপুরের জিমে) কিছু শক্তির পরীক্ষাও (স্ট্রেংথ টেস্ট) হয়েছে আমাদের। শক্তির পরীক্ষার ফলাফলে আমরা যখন আমাদের সব পরীক্ষায় মিলিয়ে দেখেছি, ৫৬টি ব্যক্তিগত সেরা পারফরম্যান্স এসেছে। গোটা দলই তাই উন্নতি করছে অনেক।”
টানা খেলার মধ্যে থাকায় স্রেফ ফিটনেস নিয়ে আলাদা করে কাজ করার সুযোগ কমই আসে বাংলাদেশে। এবারের সুযোগটি তাই পুরোপুরি কাজে লাগাতে মুখিয়ে ছিলেন ট্রেনার।
“সূচির মধ্যে যখনই আমরা একটু ফাঁকা সময় পাই, চেষ্টা করি ক্রিকেটারদের শারীরিক কসরত করাতে। কিছু শারীরিক কাজ করার ভালো সুযোগ এটি। বাংলাদেশের একটা ব্যতিক্রমী ব্যাপার হলো, তারা প্রায় ১২ মাস ধরেই খেলে। পাশ্চাত্যের দলগুলির অনেক সময় অফ-সিজন থাকে। আমাদের এখানে সেই বিলাসিতার জায়গা নেই। তাই যখনই এই ছোট ছোট ফাঁক পাওয়া যায়, আমরা কিছু শারীরিক কাজ ও পরীক্ষা নেওয়ার চেষ্টা করি।”
“আমরা পরীক্ষা নিয়েছি এই কারণে যে, কোন ক্রিকেটারের ব্যক্তিগত ট্রেনিংয়ে কোন জায়গায় গুরুত্ব দিতে হবে। এখানে ফিটনেস পরীক্ষায় পাস বা ফেল করার ব্যাপার নেই। এটা স্রেফ ক্রিকেটারদের যার যার শারীরিক ফিটনেসে শক্তি ও দুর্বলতার জায়গা বোঝার ব্যাপার। আমাকে এটা সহায়তা করবে ওদের ব্যক্তিগত ট্রেনিং প্রোগ্রাম সাজাতে।”
সবশেষ পাকিস্তান সিরিজের পর ছুটি সময়টাতেও ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে ফিটনেস অনুশীলন চালিয়ে গেছেন বলে জানালেন কাইলি। ফিটনেসের প্রতি বাংলাদেশের ক্রিকেটারদের নিবেদন ও প্রচেষ্টা নিয়ে কোনো প্রশ্ন নেই অস্ট্রেলিয়ান এই ট্রেনারের।
“যখন কোনো বিরতি থাকে, নিজের শারীরিক অনুশীলনের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এই ক্রিকেটাররা খুবই ভালো। গত সিরিজ শেষ হওয়ার পর ওরা তাই আরও বেশি কাজ করেছে। যখন দু-একদিন পরপরই খেলতে হয়, তখনই বরং শারীরিক কাজগুলো করা কঠিন হয়ে পড়ে। শ্রীলঙ্কায় যেমন ছয় সপ্তাহের সফরে সম্ভবত ৭০ শতাংশ দিনই ছিল ম্যাচ-ডে। গত তিন-চার সপ্তাহে ক্রিকেটাররা নিজের মতো করে জিম ও রানিং সেশন করেছে, কঠোর পরিশ্রম পরিশ্রম করেছে। তাদের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলতে পারি না আমি, আজকেও যেমন দেখেছেন। শারীরিক কাজের প্রতি তাদের প্রচেষ্টা ও মানসিকতা অসাধারণ।”
“ওদেরকে অনুপ্রাণিত করার প্রয়োজন হয় না আমার। ওরা যথেষ্টই উজ্জীবিত। ওরা সবাই প্রচণ্ড পরিশ্রমী ও যতটা সম্ভব সেরা হতে চায়। আমাদের শারীরিক কাজ নিয়ে কোনো অভিযোগ কোনো ক্রিকেটারের কাছ থেকে পাই না আমি। ওরা সবাই প্রবলভাবে চেষ্টা করে আরও ভালো হয়ে উঠতে এবং ওদের প্রাণশক্তি ও উদ্দীপনা দারুণ।”
এই ফিটনেস ট্রেনিং চলবে আর এক দিন। এরপর শুরু হবে ব্যাট-বলের স্কিল ঝালাই করা। মিরপুর কয়েক দিন স্কিল ট্রেনিং শেষে দল চলে যাবে সিলেটে। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু ৩০ অগাস্ট।
