১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৫ উইকেটে মৌসুম শুরু, ৪৩ বছর বয়সেও উজ্জ্বল অ্যান্ডারসন

চিরতরুণ জিমি অ্যান্ডারসন নতুন মৌসুম শুরু করলেন ক্যারিয়ারের ৫৬তম ৫ উইকেট শিকার দিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 10:08 AM

Updated : 26 Aug 2026, 03:18 PM

বয়স ৪৪ পূর্ণ হবে এবারের ইংলিশ গ্রীষ্মের মাঝামাঝি। পেশাদার ক্যারিয়ারের এটি ২৬তম মৌসুম। বিশ্ব ক্রিকেটেই সবচেয়ে পুরোনোদের একজন জেমস অ্যান্ডারসন। তবে বল হাতে তিনি এখনও ক্ষুরধার ও সুইং বোলিংয়ের শিল্পী। নতুন মৌসুমের শুরুতেই ল্যাঙ্কাশায়ার অধিনায়ক বুঝিয়ে দিলেন, ঔজ্জ্বল্য তার কমেনি খুব বেশি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমের প্রথম রাউন্ডে শনিবার নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে ৬৪ রানে ৫ উইকেট শিকার করেন অ্যান্ডারসন।

প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এই নিয়ে ৫ উইকেট হলো তার ৫৬ বার। ৩০৫ ম্যাচ খেলে উইকেট এখন ১ হাজার ১৪৮টি।

২০২৪ সালে টেস্ট ক্রিকেটকে থেকে বিদায় নেন অ্যান্ডারসন। যদিও অবসরের ইচ্ছে তার খুব একটা ছিল না। তবে দলের চাওয়ায় থেমে যেতে হয় টেস্ট ইতিহাসের সফলতম পেসারকে। অবিশ্বাস্যভাবে ১৮৮ টেস্ট খেলে ৭০৪ উইকেটে শেষ হয় ক্যারিয়ার। ইংল্যান্ড দলের পেস বোলিং পরামর্শক হিসেবে বেশ কিছুদিন কাজ করে কোচিংয়ের অধ্যায়ও শুরু করেন।

তবে খেলা পুরোপুরি ছাড়েননি। কাউন্টিতে গত মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে দারুণ বোলিংয়ে ৬ ম্যাচে উইকেট নেন ১৭টি। প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টিতে ফিরে অসাধারণ পারফরম্যান্সে উইকেট শিকার করেন ২০টি।

সেটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ২৫তম মৌসুম। গত নভেম্বরে ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেন তিনি ২৬তম মৌসুম খেলতে। গত মৌসুমে তিনি দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মূল অধিনায়কের অনুপস্থিতিতে। মূল অধিনায়ক কিটন জেনিংস দায়িত্ব থেকে সরে যাওয়ার এবারের মৌসুমের অধিনায়ক করা হয় অ্যান্ডারসনকেই। 

যথারীতি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন মৌসুমের শুরুটা করলেন দারুণ। নর্থ্যাম্পটনে ম্যাচের প্রথম ইনিংসে ৩৮৪ রানে অলআউট হয় ল্যাঙ্কাশায়ার। পরে অ্যান্ডারসনের ছোবলে নর্থ্যাম্পটনশায়ার শনিবার দিন শেষ করে ৯ উইকেটে ২১৫ রানে।

অ্যান্ডারসনের ৫ উইকেটের সঙ্গে ৩ উইকেট নেন তার নতুন বলের সঙ্গী টম বেইলি।