Published : 01 Dec 2025, 06:44 PM
ভিরাট কোহলির বয়স ৩৭ বছর, রোহিত শার্মার ৩৮। এই বয়সেও ২২ গজে দারুণ সব পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন তারা। সবশেষ ম্যাচেও যেমন হেসেছে তাদের ব্যাট। কিন্তু দুই বছর পরের ওয়ানডে বিশ্বকাপে কি খেলবেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান? ভারতীয় ক্রিকেটে চলছে এই আলোচনা। এসব নিয়ে কথা বলার কোনো মানে দেখেন না দলটির ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। সবাইকে বর্তমান উপভোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
রাঁচিতে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের মেলে ধরেন রোহিত ও কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরিতে ১৩৫ রানের ইনিংস খেলেন কোহলি। আর রোহিত করেন ৫৭ রান। রোমাঞ্চকর ম্যাচটি ১৭ রানে জেতে ভারত।
ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি আগেই নিজের করে নিয়েছেন কোহলি। প্রোটিয়াদের বিপক্ষে আরেকবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়ে সেটিকে আরও সমৃদ্ধ করলেন তিনি।
৭ ছক্কা ও ১১ চারে সাজানো ১২০ বলের ইনিংসটিতে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন কোহলি। ম্যাচ শেষে কোটাকের সংবাদ সম্মেলনে ওঠে ২০২৭ বিশ্বকাপে কোহলির খেলার প্রসঙ্গ। এত দূরে না তাকিয়ে এখনকার সময়কে উপভোগ করতে বলেন তিনি।
“আমি জানি না, আমাদের কেন এসবের দিকে তাকাতে হবে-সে সত্যিই ভালো ব্যাটিং করছে, তার ভবিষ্যৎ নিয়ে আমাদের কথা বলার কোনো কারণ আমি দেখছি না।”
“সে যেভাবে ব্যাটিং করছে, তা অসাধারণ। যেভাবে সে পারফর্ম করছে, তার ফিটনেস- কোনো কিছু নিয়েই প্রশ্ন তোলার সুযোগ নেই। আমি মনে করি, সে যেভাবে খেলছে এবং পারফর্ম করছে এরপরে এই ধরণের বিষয়গুলো (২০২৭ বিশ্বকাপে খেলবে কিনা) নিয়ে কথা বলা উচিত নয়। বিশ্বকাপ এখনও দুই বছর দূরে। এসব নিয়ে কথা বলার কোনো মানে হয় না। আমার জন্য বিষয়টি হলো, দল একবার একত্রিত হলে এবং অনুশীলন শুরু করলে, আমরা কেবল উপভোগ করি।”
টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে রোহিত ও কোহলি এখন কেবল ওয়ানডেতে ভারতের প্রতিনিধিত্ব করছেন। এই সংস্করণে দারুণ ছন্দে আছেন দুইজনই। দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেঞ্চুরির আগে অস্ট্রেলিয়ায় অপরাজিত ৭৪ রান করেছিলেন কোহলি। আর রোহিত আগের দুই ম্যাচে খেলেছিলেন ৭৩ ও অপরাজিত ১২১ রানের ইনিংস।
এই দুইজনের দলে থাকাই বড় পাওয়া হিসেবে দেখছেন কোটাক। তার মতে, ব্যাট হাতে যে অবদান রাখছেন রোহিত-কোহলি, তা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
“অবশ্যই, তারা তাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করে। আমার মনে হয় না, আমরা ২০২৭ বিশ্বকাপ নিয়ে কোনো কথা বলছি। তারা স্রেফ দুর্দান্ত, এবং তারা পারফর্ম করছে। দলে অবদান রাখছে, যা আমাদের জন্য একটি দারুণ বিষয়।”
স্রেফ ওয়ানডে খেলায় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পান না কোহলি ও রোহিত। তবে যখনই মাঠে নামছেন, দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটিতে দলকে জেতান তারা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে গড়েন ১৩৫ রানের যুগলবন্দী।
কোটাকের মতে, এই দুইজনের পারফরম্যান্সই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।
“তারা এতটা অভিজ্ঞ খেলোয়াড় যে দলে তাদের উপস্থিতি সবসময়ই দারুণ। তারা যেভাবে ব্যাট করে- আজকেও যেমন করেছে, তাদের ওই জুটি-তা ম্যাচে বিশাল পার্থক্য তৈরি করে। অবশ্যই তারা খুব ভালো ব্যাট করেছে।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের পরের ওয়ানডে বুধবার, রায়পুরে।