২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছরের সঙ্গীকে আমৃত্যু কাছে রাখতে চান মুশফিক

রোদে পুড়ে গেছে, রঙ জ্বলে গেছে, কিন্তু সেই টেস্ট ক্যাপের প্রতি ভালোবাসা কমেনি মুশফিকুর রহিমের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 09:08 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

শততম টেস্টে ঝা চকচকে একটি ক্যাপ উপহার পেয়েছেন মুশফিকুর রহিম। সেটিকে খোদাই করা আছে ‘১০০’ সংখ্যাটি। এই ক্যাপ মাথায় দিয়েই শততম মিরপুর টেস্টে ফিল্ডিং করছেন তিনি। তবে উজ্জ্বল ও আকর্ষণীয় এই নতুন ক্যাপ পেয়ে ২০ বছরের বন্ধু ক্যাপটিকে ভোলেননি ৩৮ বছর বয়সী ক্রিকেটার। বরং সেই ক্যাপকে সঙ্গী করে রাখতে চান তিনি জীবনের শেষ দিনটি পর্যন্ত।

রোদে পুড়ে যাওয়া, রঙ জ্বলে যাওয়া, জীর্ণ সেই ক্যাপটির ছবি কদিন আগে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মুশফিক। ২০০৫ সালের ২৬ মে যে ক্যাপটি তার মাথায় পরিয়ে দিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক হাবিবুল বাশার।

সেই থেকেই ক্যাপটি মুশফিকের একান্ত সহচর। ক্রিকেট দুনিয়ার সব প্রান্তে প্রতিটি টেস্টেই এই ক্যাপ পরে তিনি খেলেছেন। সময়ের সঙ্গে রঙ ফিকে হয়েছে। খুব কষ্ট করেও এখন বোঝা কঠিন যে, ক্যাপটির রঙ একসময় ছিল সবুজ। ক্যাপের সামনের ভাগে বিসিবির লোগোও মুছে গেছে প্রায়। কিন্তু এই ক্যাপটিই আঁকড়ে রেখেছেন মুশফিক।

বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে এটি বিরল। অস্ট্রেলিয়ায় যেমন তাদের ব্যাগি গ্রিনকে দারুণ মর্যাদা দেওয়া হয়। অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভ ওয়াহ ১৬৮ টেস্ট খেলেছেন ওই একটি ক্যাপ পরেই। আরও অনেকেই টেস্ট ক্যাপকে সেই মর্যাদা দিয়ে রাখেন। অনেকেই অবশ্য একটু পুরোনো হয়ে যাওয়ার পর নতুন ক্যাপ নিয়ে নেন। বাংলাদেশের ক্রিকেটেও তেমন কিছু দেখা যায় হরহামেশা। অভিষেকের ক্যাপকেই ধরে রাখার নজির এখানে বিরল। সাকিব আল হাসানও সঙ্গী করে রেখেছেন শুরুর সেই ক্যাপকেই। মুশফিকও আছেন সেই ছোট্ট দলে। 

১০০ টেস্ট খেলার এই সময়টাতে তার ক্যাপ নিয়েও চর্চা হচ্ছে বেশ। টেস্ট ক্রিকেটের প্রতি মুশফিকের অনুরাগ তো জানা সবারই। প্রথম টেস্ট ক্যাপের প্রতিও তার আবেগ সেরকমই।

“আমি মনে করি যে, একজন ক্রিকেটারের জন্য তিনটা ফরম্যাটের মধ্যে সবচেয়ে আলটিমেট হচ্ছে টেস্ট। টেস্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্যাগে গ্রিন ক্যাপ। এই এটার মর্যাদা যদি একটা ক্রিকেটার না বোঝে, এটা আসলে তাকে বলে বোঝানো যায় না।”

“যদি খেয়াল করে দেখেন, এমন কোন টেস্ট ম্যাচ নেই যেখানে ক্যাপ পরে ফিল্ডিং করি না। সেদিক থেকে বলব, এটা বলতে পারেন যে, এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। ক্যাপ পরে ব্যাটিং করি খুব কমই, কারণ হেলমেট পরে ম্যাক্সিমাম সময় ব্যাটিং করা হয়।”

এখন শততম ম্যাচে বিশেষ ক্যাপ পরে খেললেও পুরোনো সঙ্গীকে পরিত্যক্ত করবেন না তিনি। বরং ক্রিকেট ক্যারিয়ার শেষেও যত্ন করে ধরে রাখবেন সেটিকে। 

“এটিই আমার প্রতীক। আমি মনে করি যে, এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য এবং আশা করি, মৃত্যু পর্যন্ত এটি বয়ে বেড়াব।”