চলে গেলেন মুম্বাইয়ের কিংবদন্তি স্পিনার শিভালকার
৮৪ বছর বয়সে মারা গেছেন পদ্মাকার শিভালকার, কখনও জাতীয় দলে না খেলা সেরা ভারতীয় ক্রিকেটারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে।
কখনও জাতীয় দলের হয়ে না খেলা সেরা ভারতীয় ক্রিকেটারদের একজন হিসেবে বিবেচিত, মুম্বাইয়ের কিংবদন্তি স্পিনার পদ্মাকার শিভালকার আর নেই। ৮৪ বছর বয়সে সোমবার মুম্বাইয়ে মারা গেছেন সাবেক এই বাঁহাতি স্পিনার।
আরেক বাঁহাতি স্পিনার, রাঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি রাজিন্দার গোয়েলের সঙ্গে যুগলবন্দীতে রাখা হয় শিভালকারকে, ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর ছড়ি ঘুরিয়েও দুজনের কেউই ভারতের হয়ে খেলার সুযোগ পাননি। তাদের সময়ে ছিলেন যে বিষেন সিং বেদি নামে একজন! যাকে অনেকেই মনে করেন সর্বকালের সেরা বাঁহাতি স্পিনার।
২০১৭ সালে গোয়েল ও শিভালকারকে যখন সিকে নাইডু আজীবন সম্মাননা পুরস্কার দেয় বিসিসিআই, তখন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনিল গাভাস্কার আক্ষেপ করে ‘দা হিন্দু’কে বলেছিলেন, “আমার একটি আফসোস হলো, ভারতীয় দলের তখনকার অধিনায়ক হিসেবে, গোয়েল সাব ও প্যাডিকে (শিভালকার) ভারতের হয়ে খেলানোর জন্য নির্বাচকদের রাজি করাতে পারিনি আমি।”
“আমার দেখা সেরা বাঁহাতি বোলার বিষেন সিং বেদির সঙ্গে একই যুগে জন্মগ্রহণ করেছিলেন তারা। অন্যথায় তারাও ভারতের হয়ে অনেক টেস্ট খেলতেন।”
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফির সফলতম দল মুম্বাই (আগের বোম্বে) প্রতিযোগিতাটিতে তাদের আধিপত্যের সেরা সময় কাটাচ্ছিল যখন, তখন শিভালকারের সঙ্গে একই ড্রেসিং রুমে ছিলেন গাভাস্কার। ১৯৬৫-৬৬ থেকে ১৯৭৬-৭৭ পর্যন্ত সময়ের মধ্যে ১০টি রাঞ্জি ট্রফি জয়ী মুম্বাই দলের অংশ ছিলেন শিভালকার। ওই সময়ের মধ্যে এক মৌসুম বাদে প্রতিটিতে শিরোপা জিতেছিল মুম্বাই। ১৯৮০-৮১ মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করা মুম্বাই দলের অংশও ছিলেন তিনি। অবিশ্বাস্যভাবে, সাত বছর পর ফিরে ৪৭ বছর বয়সে ১৯৮৭-৮৮ মৌসুমে দুটি ম্যাচ খেলেন শিভালকার।
প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক ১৯৬২ সালে, ২২ বছর বয়সে। সব মিলিয়ে ১২৪ ম্যাচে ১৯.৬৯ গড়ে উইকেট নিয়েছেন ৫৮৯টি। এর মধ্যে রাঞ্জি ট্রফিতে উইকেট ৩৬১টি, প্রতিযোগিতাটিতে মুম্বাইয়ের কোনো বোলারের যা সর্বোচ্চ। ক্যারিয়ারে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ৪২ বার। সেরা বোলিং ১৬ রানে ৮ উইকেট, ১৯৭২-৭৩ মৌসুমে তামিল নাড়ুর বিপক্ষে রাঞ্জির ফাইনালে; দুই দিনেই জিতেছিল মুম্বাই।
