Published : 09 Dec 2025, 10:49 AM
লম্বা পুনবার্সন ও সতর্ক অপেক্ষার পর অবশেষে এবারের অ্যাশেজে পাওয়া যাবে প্যাট কামিন্সের প্রথম ছোঁয়া। অ্যাডিলেইড টেস্টেই মাথায় ব্যাগি গ্রিন আর গায়ে ব্লেজার চাপিয়ে টস করতে নামবেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক। তবে দুঃসংবাদ আছে জশ হেইজেলউডকে নিয়ে। প্রথম দুই টেস্টে চোটের কারণে বাইরে থাকা অভিজ্ঞ পেসার ছিটকে গেছেন পরের তিন টেস্ট থেকেও।
দলের গুরুত্বপূর্ণ এই দুই সদস্যকে ছাড়াই প্রথম দুই টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর শুরু অ্যাডিলেইড টেস্টে তারা মাঠে নামবে আরও একবার অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করতে।
সেই লড়াইয়ে কামিন্সকে ফিরে পাওয়া অস্ট্রেলিয়ার সম্ভাবনাকেই করে তুলবে আরও উজ্জ্বল। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের পর কোনো ধরনের ক্রিকেটেই তিনি খেলতে পারেননি চোটের কারণে। গত টেস্টে ব্রিজবেনে শেষ সময়ে একাদশে ঢোকার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল তার। তবে শেষ পর্যন্ত তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
তার অনুপস্থিতিতে দলকে দারুণভাবে নেতৃত্ব দেন স্টিভেন স্মিথ। তবে কামিন্স তো শুধু অধিনায়কই নন, তিনশর বেশি উইকেট শিকারি অভিজ্ঞ পেসারও।
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মঙ্গলবার নিশ্চিত করলেন কামিন্সের ফেরা। গত পাঁচ মাসে কোনো ম্যাচ না খেললেও ৩২ বছর বয়সী ক্রিকেটারের প্রস্তুতিতে ঘাটতি নেই বলেই মনে করেন কোচ।
“ওর শরীর এখন তৈরি এবং আগামী সপ্তাহে নতুন কিছু না হলে আশা করব প্যাট ব্লেজার গায়ে চাপাবে এবং টস করবে।”
“কোনো ম্যাচ প্রস্তুতি হচ্ছে না প্যাটের। আগেও লম্বা বিরতি শেষে ফেরার পর ওর ক্ষেত্রে আমরা এমনটি করেছি, অনেকটা সময় নিয়ে চেষ্টা করেছি ওর শরীরকে পোক্ত করে তুলতে। সবাই যখন গ্যাবায় ছিল, ও তখন ছিল অ্যালান বোর্ডার ফিল্ডে। সেখানে অনেকটা ম্যাচ পরিস্থিতি তৈরি করেই বিভিন্ন স্পেলে বোলিং করেছে। আমাদের তাই মনে হয়েছে, যতটা সম্ভব সেরা প্রস্তুতিই ওর হয়েছে।”
হেইজেলউডকে নিয়ে আগে আশার কথা শুনিয়েছিলেন কোচ। তিনি বলেছিলেন, অ্যাশেজের কোনো এক পর্যায়ে অবশ্যই দেখা যাবে এই পেসারকে। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ওঠার চেষ্টায় নতুন করে একিলিসের চোটে পড়েছেন তিনি।
কোচই এবার নিশ্চিত করলেন ৩৪ বছর বয়সী পেসারের ছিটকে পড়ার খবর।
“দুর্ভাগ্যজনকভাবে, জশ এবারের অ্যাশেজের অংশ হতে পারছে না। ওর জন্য এটা সত্যিই হতাশার। গোটা দুয়েক ধাক্কা এসেছে, যা আমাদের জন্য ছিল অপ্রত্যাশিত। আমরা ভেবেছিলাম, এই সিরিজে ওর বিশাল ভূমিকা থাকবে।”
“এবারেরটি পুরোপুরি ভিন্ন চোট। কাফ থেকে একিলিস অঞ্চলের মধ্যে এটা। এখন তার পুনর্বাসন ও প্রস্তুতি ঘুরে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে, আমাদের জন্য যেটি দারুণ গুরুত্বপূর্ণ আসর।”
অ্যাশেজের প্রস্তুতির জন্য গত মাসে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল হেইজেলউডের। এখন নতুন এই চোটে তার দারুণ এক মাইলফলকে পৌঁছানোও পিছিয়ে যাচ্ছে। তিনশ উইকেট পূর্ণ করতে আর পাঁচটি উইকেট লাগে তার।
অ্যাডিলেইড টেস্টের জন্য মঙ্গলবারই স্কোয়াড ঘোষণা করার কথা অস্ট্রেলিয়ার। আগের টেস্টের দলে শুধু কামিন্সকে যোগ করে ১৫ জনের স্কোয়াড রাখা হবে। যেটির মানে, দলে থেকে যাচ্ছেন উসমান খাওয়াজা। অ্যাডিলেইড টেস্টের একাদশে কামিন্স ও ন্যাথান লায়নের ফেরা নিশ্চিত। সেক্ষেত্রে একাদশ থেকে ব্রেন্ডান ডগেটের বাদ পড়াও নিশ্চিত। আরেক পেসারকেও যেতে হবে বাইরে। সেটি হবেন স্কট বোল্যান্ড ও মাইকেল নিসারের কেউ। অস্ট্রেলিয়ান ক্রিকেটের ধারা অনুযায়ী নিয়মিত ক্রিকেটার হিসেবে হয়তো টিকে যাবেন বোল্যান্ড। ব্রিজবেনে ৫ উইকেট নেওয়ার পরও তাই জায়গা হারাতে হতে পারে নিসারকে।
তবে কৌতূহল জাগানিয়া আলোচনা হবে খাওয়াজাকে নিয়েই। পিঠের জড়তার কারণে গত টেস্টে তিনি খেলতে পারেননি, আগের টেস্টেও পারেননি ওপেন করতে। তার অনুপস্থিতিতে ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদরল্ডের জুটি জমে গেছে বেশ।
৩৯ বছর বয়সী খাওয়াজার পারফরম্যান্স নিয়ে এমনিতেই প্রশ্ন ছিল। এখন তার জায়গা সত্যিকার অর্থেই নড়বড়ে হয়ে পড়েছে। তার একাদশে ফেরাটা সহজ হবে না। কিংবা তাকে ফেরানো হলেও ওপেন না করিয়ে জশ ইংলিসের জায়গায় মিডল অর্ডারে খেলানোর ভাবনাও আছে।
ব্রিজবেন টেস্টের শেষ দিকে মিচেল স্টার্কের শরীরের এক পাশে অস্বস্তি থাকলেও তা কাটিয়ে উঠেছেন অসাধারণ ফর্মে থাকা এই পেসার।