Published : 01 Apr 2026, 10:12 AM
গত অ্যাশেজের পাঁচ টেস্ট খেলার পথে ‘আপগ্রেডেড’ চুক্তিতে জায়গা করে নিয়েছিলেন জেইক ওয়েদেরল্ড। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়মিত কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো ঠাঁই পেলেন বাঁহাতি ৩১ বছর বয়সী ওপেনার। অ্যাশেজে দারুণ পারফর্ম করেই চুক্তিতে ফিরলেন পেসার মাইকেল নিসার।
সামনের ব্যস্ত টেস্ট সূচিতে তাকিয়ে এবারের চুক্তিতে সম্ভাব্য টেস্ট পারফরমারদের প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী মৌসুমে এক বছরের মধ্যে ২০টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে টেস্ট হবে ২১টি।
চুক্তি থেকে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম জাই রিচার্ডসন ও গ্লেন ম্যাক্সওয়েল। রিচার্ডসনের বাদ পড়া বেশ বিস্ময়কর। চোট-জর্জর ক্যারিয়ারে সবশেষ চোটের পর দীর্ঘ পুনর্বাসন শেষে দলে ফিরে অ্যাশেজের বক্সিং ডে টেস্টে তিনি খেলেছেন। সামনের ব্যস্ত টেস্ট সূচিতে মূল পেসারদের বাইরেও বিকল্প পেসার প্রয়োজন হতে পারে বেশ। ফিট থাকলে ২৯ বছর বয়সী এই পেসার সেই বিবেচনায় থাকবেন নিশ্চিতভাবেই।
ম্যাক্সওয়েল বড় তারকা হলেও তার বাদ পড়ায় খুব বিস্ময় নেই। তিনি এখন কেবল টি-টোয়েন্টিই খেলেন। নতুন চুক্তির মেয়াদে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি আছে মোটে ৫টি।
একই কারণে অলরাউন্ডার ম্যাথু শর্টের বাদ পড়াও অনুমিত ছিল। ফর্ম হারিয়ে টেস্ট দলে জায়গা হারানো ব্যাটসম্যান স্যাম কনস্টাস ও চোটের কারণে টানা মাঠের বাইরে থাকা পেসার ল্যান্স মরিসও বাদ পড়েছেন চুক্তি থেকে। অবসরে চলে গেছেন উসমান খাওয়াজা।
খাওয়াজার অবসরই চুক্তির দুয়ার খুলে দিয়েছে ওয়েদেরল্ডের জন্য। অ্যাশেজে খুব ভালো কিছু তিনি করতে পারেননি। পাঁচ টেস্টে এক ফিফটিতে ২০১ রান করেছেন ২২.৩৩ গড়ে। তবে ইনিংসের শুরুতে ট্রাভিস হেডের সঙ্গে চারটি ফিফটি জুটি গড়াসহ সম্ভাবনার ঝলক তিনি দেখাতে পেরেছেন। তাকে চুক্তিতে রাখায় স্পষ্ট হলো, সামনেও তার ওপর ভরসা রাখছেন নির্বাচকরা। আগামী কাউন্টি মৌসুমে লেস্টারশায়ারে খেলতে দেখা যাবে বাঁহাতি ওপেনারকে।
মূল পেসারদের অনুপস্থিতিতে অ্যাশেজে দুর্দান্ত বোলিং করেন নিসার। তিন টেস্টে ১৫ উইকেট নিয়ে দলের সিরিজ জয়ের বড় অবদান রাখেন তিনি। ব্যাট হাতেও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। সেটিরই পুরস্কার পেলেন ৩৬ বছর বয়সে চুক্তিতে ফিরে।
অ্যাশেজে দুটি টেস্ট খেলা পেসার ব্রেন্ডান ডগেটও জায়গা পেয়েছেন চুক্তিতে। আগামী বছরের শুরুতে ভারতে পাঁচ টেস্টের সিরিজ আছে অস্ট্রেলিয়ার। সেদিকে তাকিয়ে চুক্তিতে ফেরানো হয়েছে অফ স্পিনার টড মার্ফিকে।
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করে সম্প্রতি সীমিত ওভারের দুই সংস্করণের দলে ফেরা ম্যাট রেনশ জায়গা পাননি চুক্তিতে।
চুক্তিতে ২৪ জন পর্যন্ত রাখার সুযোগ থাকলেও এবার রাখা হয়েছে ২১ জনকে। পারফর্ম করে পরে চুক্তিতে ঢোকার সুযোগ তাই আছে অনেকের জন্যই।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতে থাকা ক্রিকেটাররা বোর্ডে রাজস্বের ভাগও পেয়ে থাকেন। চুক্তিতে থাকার ব্যাপারটি তাই সেখানে খুবই কাঙ্ক্ষিত।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতে আছেন যারা: জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, ব্রেন্ডান ডগেট, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, মাইকেল নিসার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জেইক ওয়েদেরল্ড, বাউ ওয়েবস্টার, অ্যাডাম জ্যাম্পা।