অস্ট্রেলিয়ার ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে টস জিতে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তও অবাক করেছে দেশটির গ্রেট ব্যাটসম্যানকে।
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্টিং। অনেকদিন পর খেলতে নামার জড়তা তো ছিলই, তবে ব্যাটসম্যানদের টেকনিক্যাল সমস্যাটাই বেশি চোখে পড়েছে তার। দেশটির গ্রেট ব্যাটসম্যানের মতে, ‘বয়স্ক’ দলটির পুনর্গঠনে এখন মনোযোগ দেওয়া উচিত তাদের।
হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেনের চমৎকার বোলিংয়ে ৫৩ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তিনিও ব্যক্তিগত ২ রানে স্লিপে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন। দলটির আর কেউ ২৫ রানও করতে পারেননি।
ব্যাটিংয়েও দারুণ করছে বাংলাদেশ। ১ উইকেট হারিয়ে ৯৭ রান করে প্রথম দিন শেষ করে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে তাদের রান ৬ উইকেটে ৩৫১। এরই মধ্যে ১৫৩ রানের লিড নিয়ে ফেলেছে তারা।
প্যাট কামিন্স, জশ হেইজেলউড, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন; অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের এই চতুষ্টয় খেলছেন এই ম্যাচে। তাদেরকে দারুণভাবে সামলে চমৎকার এক সেঞ্চুরি উপহার দিয়েছেন তানজিদ হাসান। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তিনি। ৮৪ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই ডারউইনেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে এক ইনিংসে ৫৪ রানে গুটিয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। সেখানে এখন অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দলের বিপক্ষে দাপট দেখাচ্ছে শান্তর দল। সবকিছু মিলিয়ে, অস্ট্রেলিয়ানদের এমন পারফরম্যান্স মানতে পারছেন না পন্টিং।
এসইএন-এর ‘ফায়ারবল’ অনুষ্ঠানে শুক্রবার অস্ট্রেলিয়ার টস জিতে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের দিকেও আঙুল তোলেন পন্টিং।
“মৌসুমের শুরুর দিকের জড়তা অনেকটাই দেখা গেছে। তারা অনেকদিন খেলেনি, তবে টেকনিক্যাল যে সমস্যা ও দুর্বলতা দেখেছি, বিশেষ করে টপ অর্ডারের, এটা নিয়ে কোনো অজুহাত দেওয়া যায় না।
“অস্ট্রেলিয়া আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ায় অবাক হয়েছিলাম। বিশেষ করে, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পরও। গতকাল সকালে ওই উইকেটে অস্ট্রেলিয়ার পেসারদের সামলানো প্রায় অসম্ভব হয়ে উঠত।”
উসমান খাওয়াজার অবসরের পর, টেস্টে ওপেনিংয়ের সমস্যায় এখনও কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজে বড় ইনিংস খেলতে না পারা ৩১ বছর বয়সী জেইক ওয়েদেরল্ড নিজ শহরেও ভালো করতে পারেননি। এই ওপেনার আউট হয়ে যান ২৩ রান করে। লম্বা সময় ধরে ছন্দের খোঁজে থাকা আরেক টপ অর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশেনও ছিলেন পুরোপুরি ব্যর্থ। মাত্র ১ রান করতে পারেন তিনি।
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার নির্বাচকদের ক্যাম্পবেল কেলাওয়ে ও অলি পিকের মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন পন্টিং। সেই পথে না হেঁটে অভিজ্ঞদের ওপরই আস্থা রাখে অস্ট্রেলিয়া। দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক পন্টিংয়ের মতে, তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার একটি বড় সুযোগ হাতছাড়া করেছে তারা।
“টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর, এমন একটি বোলিং আক্রমণের বিপক্ষে ১৯০ রানের বেশি সবাই প্রত্যাশা করবে। আমার এখনও মনে হয়, এই দুটি ম্যাচে কয়েকজন তরুণ প্রতিভাকে পরখ করে দেখার ভালো সুযোগ অস্ট্রেলিয়া হাতছাড়া করেছে। মনের ডাক শুনে এবং প্রতিভাকে প্রাধান্য দিয়ে দল নির্বাচন করা প্রয়োজন ছিল, কারণ কয়েক বছর ধরে বর্তমান দলে যারা আছে, (কয়েক জন) টেস্ট ক্রিকেটের মানদণ্ড অনুযায়ী যথেষ্ট ভালো করতে পারছে না।”
অস্ট্রেলিয়া বর্তমান টেস্ট দলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (২৭)। দলের বাকি সবার বয়স ৩০-এর বেশি। চলমান এই ম্যাচসহ সামনের ১১ মাসে ২০টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে টেস্ট হবে ২১টি। ব্যস্ত এই সূচি সামাল দিতে দল পুনর্গঠনের প্রয়োজন মনে করেন পন্টিং।
“গতকাল যে দলটি মাঠে নেমেছে, ১৯২৮ সালের পর (অস্ট্রেলিয়ার) সবচেয়ে বেশি বয়সী দল। তাই বয়স্ক দল নিয়ে কথা হচ্ছে এবং পুনর্গঠনের আলোচনা হচ্ছে। এটাই বাস্তবতা। ক্যামেরন গ্রিন দলের সর্বকনিষ্ঠ, আর বাকি সবাই ৩০ বছরের বেশি।
“টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র শেষ হওয়া পর্যন্ত তাদের আরও ২১টি টেস্ট খেলতে হবে। এর মধ্যে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার মাটিতে এবং ভারতের মাটিতে সিরিজ রয়েছে। তাই অবধারিতভাবে, সামনের সময়ে ১৬-১৮ জন খেলোয়াড় ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে হবে।”
