২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজ ক্রিকেটারদের শাস্তি

ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের।

উইন্ডিজ ক্রিকেটারদের শাস্তি
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের উদযাপন। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 07:48 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি সোমবার এই শাস্তির কথা জানায়। বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ে দুই ওভার কম করেছে ক্যারিবিয়ানরা।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ ম্যাচ অফিসিয়ালের দেওয়া শাস্তি মেনে নেন। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

রোববারের ম্যাচটিতে অদ্ভুত এক রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ইনিংসে কোনো ব্যাটসম্যান করতে পারেননি ৩৫ রানও। তবু ২০৫ রানে পুঁজি গড়ে তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন কিছু দেখা যায়নি আগে।

দুইশ ছাড়ানো রান করেও ম্যাচটি হারে ওয়েস্ট ইন্ডিজ। জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের ফিফটির সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসে ৩ উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া।

পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ তে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মঙ্গলবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।