১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাইটক্লাব-কাণ্ডে তদন্তের মুখে ইংলিশ পেসার

হাতকড়া পরা অবস্থায় ব্রাইডন কার্সকে পুলিশের নিয়ে যাওয়ার ভিডিও সামনে আসার পর তদন্ত শুরু করেছে ইসিবি।

নাইটক্লাব-কাণ্ডে তদন্তের মুখে ইংলিশ পেসার
ব্রাইডন কার্স। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 11:19 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

ডার্বির একটি নাইটক্লাবের ঘটনায় বিপাকে পড়তে যাচ্ছেন ব্রাইডন কার্স। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই টেস্টের দলে থাকা এই পেসারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ঘটনাটি গত শনিবার রাতের। রোববার কার্সের একটি ছোট্ট ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে টেলিগ্রাফে প্রকাশিত হয়। ভিডিওটিতে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় পেছন দিকে হাত বাঁধা কার্সকে ঘিরে রেখেছেন পুলিশ কর্মকর্তারা। ভিডিওটিতে তার ইংল্যান্ড দলের সতীর্থ ম্যাথু পটস ও সাবেক অধিনায়ক বেন স্টোকসকেও দেখা যায়।

এই তিন জনই কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারের বিপক্ষে শনিবার শেষ হওয়া ম্যাচে ডারহামের হয়ে খেলেছেন।

ইসিবি তাদের বিবৃতিতে বলেছে, “গত রাতে ডার্বিতে একটি ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং বর্তমানে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সম্ভব হলে পরবর্তী সময়ে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।”

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে থাকলেও প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাননি কার্স। ফলে ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য ছেড়ে দেওয়া হয় তাকে। লর্ডসে আগামী বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর খেলোয়াড়দের ‘সত্যিকারের রোল মডেল ও ভালো মানুষ’ হওয়ার তাগিদ দেন জো রুট। এর মাত্র পাঁচ দিন পর কার্সকে ঘিরে এই তদন্ত শুরু হলো।

ইংল্যান্ডের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের নানা ঘটনায় অস্থিরতা চলছে। স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরের ঘোষণা দেন গত জুনে। পরে টেস্ট দলের কোচের পদ থেকে বরখাস্ত হন ব্রেন্ডন ম্যাককালাম।

গত শীতে তাদের সফরগুলোতেও মাঠের বাইরের নানা ঘটনা আলোচনায় ছিল। এর মধ্যে ওয়েলিংটনে হ্যারি ব্রুকের সঙ্গে একটি নাইটক্লাবের নিরাপত্তাকর্মীর ঘটনার পাশাপাশি অ্যাশেজ চলাকালে নুসায় দলের খেলোয়াড়দের মদ্যপানের ঘটনাও ছিল। ওই অ্যাশেজে ৪-১ ব্যবধানে হারে ইংলিশরা।

গ্রীষ্মেও এসব সমস্যা অব্যাহত থাকে। দলের কারফিউ ভাঙেন তখনকার অধিনায়ক স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন। এরপরের ছয় সপ্তাহে একের পর এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। নিউ জিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার, স্টোকসের অবসর এবং ম্যাককালামের বরখাস্ত—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তবে এসব ঘটনার পরও চলতি মাসের শুরুতে রুট জানিয়ে দেন, জানুয়ারিতে চালু করা ‘মিডনাইট’ কারফিউ তুলে নেওয়া হবে। স্কাই স্পোর্টসকে রুট বলেছিলেন, “কোনো কারফিউ থাকবে না। সত্যি বলতে, আমার মনে হয় না বিষয়টি এত বড় করে দেখার প্রয়োজন আছে।”

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কার্সকে বেটিংয়ের জন্য ২০২৪ সালে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বিভিন্ন ম্যাচে তিনি মোট ৩০৩টি বাজি ধরেছিলেন। তবে ওই ম্যাচগুলোর কোনোটিতেই তিনি নিজে জড়িত ছিলেন না।