Published : 30 Jul 2025, 06:11 PM
ভারতের বিপক্ষে ওভাল টেস্ট শুরুর আগের দিন বড় এক ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তাদের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। অভিজ্ঞ এই অলরাউন্ডার ছাড়াও আসছে ম্যাচের একাদশে আরও তিনটি পরিবর্তন এনেছে ইংলিশরা।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্ট শুরু বৃহস্পতিবার। যথারীতি আগের দিন একাদশ ঘোষণা করেছে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড।
ওল্ড ট্র্যাফোর্ডে ড্র হওয়া চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে টেস্টে ২৪ ওভার বোলিং করে ৭২ রান দিয়ে ৫ উইকেট নেন স্টোকস। পরে ব্যাট হাতেও আলো ছড়ান তিনি। খেলেন ১৪১ রানের ঝলমলে ইনিংস।
কিন্তু বিপত্তি দেখা দেয় ভারতের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময়। ম্যাচের চতুর্থ দিন কোনো বোলিং করেননি স্টোকস। পঞ্চম দিনে ১১ ওভার করে ধরেন এক শিকার। তখন বল করার আগে হাত নিয়ে অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে।
এবার ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হলো বাইসেপস টেন্ডনের চোটে ভুগছেন স্টোকস। খেলতে পারবেন না ওভাল টেস্টে। যদিও গত রোববার ম্যাচটি খেলার সম্ভাবনার কথা বলেছিলেন স্টোকস। কিন্তু চোটের থাবায় তার চাওয়া পূরণ হচ্ছে না।
সিরিজে প্রথম চার ম্যাচ খেলা স্টোকস দারুণ ছন্দে ছিলেন। বিশেষ করে বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে দলকে উইকেট এনে দিচ্ছিলেন তিনি। লর্ডসে দলের রোমাঞ্চকর জয়ের পথে টানা বোলিং করে তাক লাগিয়ে দিয়েছিলেন স্টোকস।
চার ম্যাচে সব মিলিয়ে তার শিকার ১৭ উইকেট। ১৫ উইকেটও নিতে পারেননি আর কেউ। তার ব্যাট হাতে ৭ ইনিংসে স্টোকসের রান ৩০৪।
স্টোকসের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে ওভালে নেতৃত্ব দেবেন অলি পোপ।
‘হেভি ওয়ার্কলোডের’ কারণে বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার ব্রাইডন কার্স ও জফ্রা আর্চারকে। সিরিজের প্রথম চারটি টেস্টেই খেলেছেন কার্স। আর চার বছরের বেশি সময় পরে টেস্টে ফিরে সবশেষ দুই ম্যাচ খেলেছেন আর্চার।
বাদ পড়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসন। ম্যানচেস্টার টেস্ট দিয়ে ৮ বছরের বেশি সময় পর সাদা পোশাকে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন তিনি।
নানা কারণে সতীর্থদের একাদশের বাইরে চলে যাওয়ায় দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে জেমি ওভারটনের। ৩ বছরের বেশি সময় পর টেস্ট খেলতে যাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ২০২২ সালের জুনে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছিলেন তিনি, নিউ জিল্যান্ডের বিপক্ষে।
ভারতের বিপক্ষে হেডিংলি ও এজবাস্টন টেস্টে খেলা জশ টংকে একাদশে ফিরিয়েছে ইংল্যান্ড। ওই দুই ম্যাচে দারুণ বোলিংয়ে ১১ উইকেট নিয়েছিলেন এই পেসার।
হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে সিরিজে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন গাস অ্যাটকিনসন। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১২ টেস্ট খেলে ডানহাতি এই পেসারের প্রাপ্তি ৫৫ উইকেট। গত মে মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি।
অনভিজ্ঞ পেস বোলিং বিভাগের নেতৃত্ব দেবেন ক্রিস ওকস। সিরিজের প্রথম চারটি টেস্টই খেলেছেন অভিজ্ঞ এই পেসার।
গত বছরের ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলা জ্যাকব বেথেলকেও ফেরানো হয়েছে একাদশে। এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলে ৩ ফিফটিতে ২৬০ রান করেছেন তিনি। বাঁহাতি স্পিনে রাখতে পারেন কার্যকর ভূমিকা। তার সঙ্গে জো রুট মিলে সামাল দিবেন স্পিন আক্রমণ।
ওভাল টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (কিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টং।