১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কোচ কী করে!’, দলের বাজে ফিল্ডিংয়ে ক্ষুব্ধ ভারতীয় সাবেক স্পিনার

ভারতের ফিল্ডিং কোচ টি. দিলিপ ও প্রধান কোচ গৌতাম গাম্ভিরকে দলের ফিল্ডিংয়ের দিকে আরও মনোযোগ দিতে বললেন আমিত মিশ্রা।

‘কোচ কী করে!’, দলের বাজে ফিল্ডিংয়ে ক্ষুব্ধ ভারতীয় সাবেক স্পিনার
ক্যাচ নেওয়ার মুহূর্তে ভারতের ওপেনার আভিশেক শার্মা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

একটি, দুইটি কিংবা তিনটি নয়, চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত ১০টির বেশি ক্যাচ ফেলেছে ভারত! উত্তরসূরিদের ফিল্ডিংয়ের এই বাজে দশা মানতে পারছেন না আমিত মিশ্রা। ফিল্ডিং কোচ নিজের কাজটা ঠিকমতো করছেন কিনা, সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ ভারতীয় সাবেক লেগ স্পিনার।

চলতি এশিয়া কাপে ব্যাটিং ও বোলিং বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে ভারত। কিন্তু ফিল্ডিংয়ে চরম বাজে একটি টুর্নামেন্ট কাটছে সুরিয়াকুমার ইয়াদাভের দলের। আসরে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে মোট ১২টি ক্যাচ ফেলেছে তারা, প্রতি ম্যাচে গড়ে দুটি করে।

এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার এবারের আসরে ভারতের ক্যাচ নেওয়ার হার ৬৭.৫ শতাংশ। আট দলের টুর্নামেন্টে এই তালিকায় তাদের চেয়ে নিচে কেবল একটি দল, হংকং (৫২.৭ শতাংশ)।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই-এ আলোচনার সময় দলের ফিল্ডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আমিত। দেশের হয়ে ২২ টেস্ট, ৩৬ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার ফিল্ডিং কোচ টি. দিলিপকে ফ্লাডলাইটের আলোয় ক্যাচিং অনুশীলন করানোর পরামর্শ দেন।

“তাদের অনুশীলন করা উচিত। ফিল্ডিং কোচ কী করছে! তার উচিত ফ্লাডলাইটের নিচে ক্রিকেটারদের ক্যাচের অনুশীলন করানো। তারা পেশাদার ক্রিকেটার। তাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং এর সঙ্গে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, মানছি, একটি ম্যাচে দুয়েকটি ক্যাচ পড়তেই পারে। কিন্তু এমনটা ধারাবাহিকভাবে ঘটছে। আমার মনে হয়, গৌতাম গাম্ভিরের ফিল্ডিংয়ের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।”

ফিল্ডিং খারাপ হলেও চমৎকার ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সে অপরাজিত থেকে এবারের এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম দেখা যাবে ভারত-পাকিস্তান ফাইনাল।

৪২ বছর বয়সী আমিত বললেন, শিরোপার লড়াইয়ের মঞ্চে কোনো ধরনের ভুল করার সুযোগ নেই ভারতের। 

“টি-টোয়েন্টিতে একটি ক্যাচ ফেলার মাশুল অনেক বড় হতে পারে, আর সেখানে ভারতীয় দল তিন-চারটি করে ক্যাচ ফেলছে। তাদের ফিল্ডিংয়ে নজর দেওয়া দরকার। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে কোনো ভুলের সুযোগ নেই। যদি কোনো সমস্যা থাকে, সমাধান বের করতে হবে।”

দুবাইয়ে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এশিয়া কাপের ফাইনাল।