২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ.আফ্রিকার সাবেক অলরাউন্ডারকে নিয়ে বিশ্বকাপে ইতালি

৩৭ বছর বয়সে পুনর্জীবিত হতে যাচ্ছে জেজে স্মাটসের আন্তর্জাতিক ক্যারিয়ার।

দ.আফ্রিকার সাবেক অলরাউন্ডারকে নিয়ে বিশ্বকাপে ইতালি
এসএ টোয়েন্টিতে ডারবান’স সুপার জায়ান্টসের জার্সিতে জেজে স্মাটস। ছবি: এসএ টোয়েন্টি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 09:20 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর কেটে গেছে প্রায় পাঁচ বছর। জেজে স্মাটসের থমকে থাকা সেই ক্যারিয়ার পেতে যাচ্ছে নতুন গতি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজিয়েছে ইতালি।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বৈশ্বিক আসরের জন্য শনিবার ১৫ জনের দল ঘোষণা করে ইতালি। প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বিশ্বকাপে খেলতে যাওয়া দলটিকে নেতৃত্ব দেবেন ওয়েইন ম্যাডসেন।

যার নেতৃত্বে বাছাইপর্বের চ্যালেঞ্জ উতরে বিশ্বকাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে ইতালি, সেই জো বার্ন্স নেই দলে। অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটসম্যানকে গত বছরের শেষ দিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় ইতালি। পরে বাদ দেয় দল থেকেও।

বাছাইয়ে ইউরোপ অঞ্চল থেকে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকেট পায় ফুটবলের জনপ্রিয় দেশ ইতালি, যারা চারটি ফুটবল বিশ্বকাপ জিতেছে।

ইউরোপের দলটির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই জোড়া ভাই- হ্যারি মানেন্তি ও বেনজামিন মানেন্তি এবং অ্যান্থনি মোসকা ও জাস্টিন মোসকা।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্মাটসের। তিন বছর পর দেশটির জার্সিতে ওয়ানডে পথচলা শুরু করেন তিনি। কিন্তু কোনো সংস্করণেই দলে থিতু হতে পারেননি এই স্পিনিং অলরাউন্ডার।

প্রোটিয়াদের হয়ে ১৩টি ওয়ানডে খেলে ১৭৪ রান করেছেন স্মাটস। বাঁহাতি স্পিনে ১০ ইনিংসে নিতে পেরেছেন কেবল এক উইকেট। আন্তর্জাতিক ক্যারিয়ারের সবশেষ ম্যাচটি খেলেন তিনি ওয়ানডেতে; ২০২১ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে। ৫০ ওভারের সংস্করণে ছয়টি ম্যাচ খেলে এক ফিফটিতে তার রান ১৮০, উইকেট চারটি। 

আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে গেলেও খেলা ছাড়েননি স্মাটস। গত নভেম্বরেও খেলেন তিনি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে।

দক্ষিণ আফ্রিকান হয়েও কীভাবে ইতালির জাতীয় দলে খেলার অনুমতি পেলেন ৩৭ বছর বয়সী স্মাটস, সেটা ক্লাব ক্রিকেট এসএ-কে সম্প্রতি খোলাসা করেন তিনি নিজেই।

“আমি ইতালির হয়ে খেলার জন্য প্রস্তুত। আমার স্ত্রীর মাধ্যমে আমি ইতালির হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমি নভেম্বরের শেষে ইতালি দলের সঙ্গে দুবাইয়ে একটি ক্যাম্পে যোগ দিয়েছিলাম।”

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের সঙ্গে পড়েছে ইতালি। আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দিয়ে বৈশ্বিক আসরে অভিযান শুরু করবে তারা।

ইতালির বিশ্বকাপ দল: জাইন আলি, মার্কাস কাম্পোপিয়ানো (কিপার), আলি হাসান, কৃশান কালুগামাগে, ওয়েইন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্তি, জান পিয়ে মেডি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সাইদ নাকভি, বেনজামিন মানেন্তি, জাসপ্রিত সিং, জেজে স্মাটস, গ্র্যান্ট স্টুয়ার্ট, টমাস ড্রাকা।