১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্করামের বিধ্বংসী ৮৬*, উইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাত্তাই পেল না ক্যারিবিয়ানরা।

মার্করামের বিধ্বংসী ৮৬*, উইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা
দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন এইডেন মার্করাম। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 02:26 AM

Updated : 26 Aug 2026, 02:48 PM

এসএ টোয়েন্টি যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন জাতীয় দলের হয়ে শুরু করলেন এইডেন মার্করাম। রান তাড়ায় তিনি খেললেন বিস্ফোরক ইনিংস। ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। 

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার জয় ৯ উইকেটে।

পার্লে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ১৭৩ রান। সেই রান স্বাগতিকরা পেরিয়ে যায় ১৩ বল হাতে রেখে।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে মার্করামের নেতৃত্বে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় ডারবান’স সুপার জায়ান্টস। প্রাথমিক পর্বে শেষ দুই ম্যাচে তিনি করেন ৪৬ বলে ৬৬ ও ৫৮ বলে ১০৮ রান।

সেই ফর্ম বয়ে এনে জাতীয় দলের হয়ে ৪৭ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। প্রোটিয়া অধিনায়কের টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ইনিংসটি গড়া ৯ চার ও ৩ ছক্কায়।

ভাগ্যের ছোঁয়াও অবশ্য পান মার্করাম। আকিল হোসেন সহজ ক্যাচ ফেলে দেওয়ায় জীবন পান তিনি ২৭ রানে। 

ম্যাচ-সেরা যদিও তিনি নন। দারুণ বোলিংয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়ে পুরস্কারটি পান জর্জ লিন্ডা।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় রেখে সিরিজটি খেলছে দুই দল। চোটের কারণে নিয়মিত অধিনায়ক শেই হোপকে এই ম্যাচে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৩ বলে ৩৯ রানের উদ্বোধনী জুটির পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলে তারা। 

৯ বলে ১৩ রান করেন জনসন চার্লস, ১৬ বলে ২৭ ব্র্যান্ডন কিং। টিকতে পারেননি শেরফেন রাদারফোর্ড। ১১ রানের মধ্যে বিদায় নেন এই তিন জন।

ভালো শুরু করে ইনিংস টেনে নিতে পারেননি ম্যাথু ফোর্ড (১২ বলে ১৬) ও রোস্টন চেইস (১৮ বলে ২২)। দ্বাদশ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন ৫ উইকেটে ৯৫।

সেখান থেকে ৫০ বলে ৭৪ রানের জুটিতে দলকে লড়াইয়ের মতো পুঁজি এনে দেন শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল।

৪টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে ৪৮ রান করেন হেটমায়ার। ২ চার ও এক ছক্কায় ২৫ বলে ২৯ রানে অপরাজিত রয়ে যান পাওয়েল।

দক্ষিণ আফ্রিকার হয়ে লিন্ডার তিনটি ছাড়া দুটি করে শিকার ধরেন কেশাভ মহারাজ ও কর্বিন বশ।

রান তাড়ায় প্রথম ওভারে ফোর্ডকে তিনটি চার মেরে ডানা মেলে দেন মার্করাম। বাউন্ডারি আসতে থাকে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের ব্যাট থেকেও।

পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকা করে বিনা উইকেটে ৬৮ রান। ৪টি চার ও একটি ছক্কায় ২৮ বলে ৪৪ রান করে ফেরেন ১৯ বছর বয়সী প্রিটোরিয়াস। থামে ৪৭ বলে ৮৩ রানের শুরুর জুটি।

মার্করাম এরপর দলকে জয়ের পথে এগিয়ে নেন রায়ান রিকেলটনকে সঙ্গী করে। ৩১ বছর বয়সী মার্করাম ফিফটি করেন ২৮ বলে। জেসন হোল্ডারকে পরপর ছক্কা ও চার মেরে ম্যাচের ইতি টেনে দেন তিনি। 

এসএ টোয়েন্টিতে দুটি সেঞ্চুরির পর, সতীর্থের চোটে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া রিকেলটন ২ চার ও এক ছক্কায় ৩২ বলে করেন ৪০ রান। মার্করামের সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটির রান ৬০ বলে ৯৩।

সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচ হবে বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৩/৭ (কিং ২৭, চার্লস ১৩, ফোর্ড ১৬, রাদারফোর্ড ৬, চেইস ২২, হেটমায়ার ৪৮, পাওয়েল ২৯*, হোল্ডার ১, শেফার্ড ১*; রাবাদা ৪-০-৩৫-০, লিন্ডা ৪-০-২৫-৩, মহারাজ ৪-০-৪৪-২, বশ ৪-০-৩৫-২, মাফাকা ৪-০-৩০-০)   

দক্ষিণ আফ্রিকা: ১৭.৫ ওভারে ১৭৬/১ (প্রিটোরিয়াস ৪৪, মার্করাম ৮৬*, রিকেলটন ৪০*; ফোর্ড ১-০-১৩-০, সিলস ৩-০-৩১-০, চেইস ৪-০-৩১-১, হোল্ডার ৩.৫-০-৪১-০, শেফার্ড ৩-০-২৯-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: জর্জ লিন্ডা