২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিলাকের নেতৃত্বে ভারত ‘এ’ দলে সুরিয়াভানশি

শ্রীলঙ্কায় আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন ভারতের বিস্ময়বালক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 07:05 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

জাতীয় দলে ডাক পাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন বৈভাব সুরিয়াভানশি। শ্রীলঙ্কায় আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ভারত ‘এ দলে ডাক পেলেন ১৫ বছর বয়সী এই আগ্রাসী ব্যাটসম্যান। দলটিকে নেতৃত্ব দেবেন তিলাক ভার্মা, তার ডেপুটি রিয়ান পারাগ।

গত বছরের আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দেন সুরিয়াভানশি। নিজের প্রথম আইপিএল অভিযানে সাত ইনিংসে ২৫২ রান করেন তিনি ২০৬.৩৩ স্ট্রাইক রেটে।

চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের শিরোপা জয়ে রাখেন বড় অবদান। বিহারের হয়ে রাঞ্জি ট্রফি, ভিজায় হাজারে ট্রফিতেও আলো ছড়ান বাঁহাতি এই ব্যাটসম্যান।

এবারের আইপিএলেও তিনি ধরে রেখেছেন তার বিস্ময়-যাত্রা। দুটি ফিফটি করেছেন ১৫ বলে, একটি সেঞ্চুরি ৩৬ বলে। এখন পর্যন্ত ১১ ইনিংসে ২৩৬.৫৬ স্ট্রাইক-রেটে ৪৪০ রান করেছেন তিনি। ছক্কা মেরেছেন আসরের সর্বোচ্চ ৪০টি।

গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত ‘এ’ দলের হয়েও বেশ ভালো করেন সুরিয়াভানশি। চার ম্যাচে ২৩৯ রান করে তিনি ছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

আগামী মাসের শেষ দিকে আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য সুরিয়াভানশিকে ভারত জাতীয় দলে নেওয়ার দাবি তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকে। এর মধ্যেই ‘এ’ দলে ডাক পেয়ে গেলেন তিনি।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা তিন ক্রিকেটার আছেন শ্রীলঙ্কা সফরের ‘এ’ দলে- তিলাক, পারাগ ও ফাস্ট বোলার আনশুল কাম্বোজ। দলে আরও আছেন বিস্ফোরক টপ অর্ডার ব্যাটসম্যান প্রাভসিমরান সিং ও প্রিয়ানশ আরিয়া।

ত্রিদেশীয় সিরিজে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গী আফগানিস্তান। আগামী ৯ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে ভারত। ফাইনাল হবে ২১ জুন।  

ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে দুটি লাল বলের ম্যাচও খেলবে ভারত ‘এ’ দল। সেই দল ঘোষণা করা হবে পরে।