২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিয়ারের ‘সবচেয়ে আনন্দময়’ সময় কাটছে রুটের

ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের টেস্ট সিরিজ নিয়ে রোমাঞ্চিত ইংল্যান্ডের সফলতম ব্যাটসম্যান।

ক্যারিয়ারের ‘সবচেয়ে আনন্দময়’ সময় কাটছে রুটের
জো রুট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 10:16 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালামের হাত ধরে টেস্ট ক্রিকেটে যেভাবে খেলছে ইংল্যান্ড, যে পরিবেশ তৈরি হয়েছে দলের মধ্যে, তাতে খুবই উচ্ছ্বসিত জো রুট। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান বলছেন, তার ক্যারিয়ারের সবচেয়ে আনন্দময় সময় এটিই। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের টেস্ট সিরিজ নিয়ে ভীষণ রোমাঞ্চিত তিনি।

আগামী ছয় মাস লাল বলে ব্যস্ত সূচি ইংল্যান্ডের। আগামী শুক্রবার লিডসে ভারতের বিপক্ষে শুরু হচ্ছে তাদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজ আছে অস্ট্রেলিয়ার মাটিতে। 

সামনের এসব চ্যালেঞ্জের জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছেন রুট। বুধবার স্কাই স্পোর্টসে সাবেক সতীর্থ স্টুয়ার্ট ব্রডের সঙ্গে আলাপে ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান বলেন, মাঠে নামার জন্য অধীর হয়ে অপেক্ষায় আছেন তিনি।  

“কেবলই রোমাঞ্চিত হতে পারেন। এই সিরিজগুলোর জন্য খেলা, আমাদের সামনে যে সুযোগগুলো আছে, তা অসাধারণ।”

২০২২ সালে রুট যখন টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান, তখন থেকে এই সংস্করণে ইংল্যান্ডের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি। এই সময়ে ৩৬ টেস্টে ৫৬.৬৭ গড়ে তার রান ৩ হাজার ১১৭।

১৫৩ টেস্টে ১৩ হাজারের বেশি রান করা রুটের কণ্ঠে ক্যারিয়ারের সবচেয়ে উপভোগ্য সময় কাটানোর উচ্ছ্বাস। 

“এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে আনন্দময় সময় হয়ে উঠেছে। আমরা যেভাবে খেলি, যে পরিবেশ তৈরি হয়েছে, বেন (স্টোকস) ও ব্রেন্ডন (ম্যাককালাম) অসাধারণ কাজ করেছেন, এর সঙ্গে অনেক আনন্দও বয়ে এনেছেন।”

নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ম্যাককালাম ২০২২ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর এবং অধিনায়ক স্টোকসের হাত ধরে নতুন ঘরানার টেস্ট খেলা শুরু করে ইংল্যান্ড। ম্যাককালামের ডাক নাম ‘বাজ’ অবলম্বনে ইংলিশদের এই কৌশল পরিচিতি পেয়ে যায় ‘বাজবল’ নামে। এই সময়ে দারুণ সব সাফল্য পেয়েছে তারা।

ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পথচলা শুরু করবে ইংল্যান্ড। এই সিরিজে কঠিন চ্যালেঞ্জ দেখছেন রুট।

“সবাই জানে অ্যাশেজ আসছে এবং লোকে জিজ্ঞেস করবে। মানুষ ভারত সিরিজের সঙ্গে অ্যাশেজের যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবে, কিন্তু একটি দুর্দান্ত দলের বিপক্ষে কিছু কাজ করার আছে। সব সংস্করণে দল হিসেবে ভারতের অগ্রগতির দিকে তাকান এবং তাদের সব আছে- দুর্দান্ত পেস আক্রমণ, প্রতিভাবান ব্যাটসম্যান এবং খুব শক্তিশালী স্পিন বিভাগ।”

২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের খোঁজে আছে ভারত। দেশটিতে দুই দলের সবশেষ সিরিজ শেষ হয়েছিল ২-২ সমতায়।

ভারতের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে রুটের। তবে ঘরের মাঠে রেকর্ড বিবেচনায় নিজেদেরই এগিয়ে রাখছেন তিনি।

“তারা বিশ্বের যেকোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে ঘরের মাঠে আমাদের রেকর্ড একটি দুর্দান্ত সিরিজে পরিণত করে। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব।”