প্রেস বক্সে প্রথমবার মিরাজ-শান্ত, প্রীতি ম্যাচে বারুদের ঝাঁজ
বিজয় দিবসে এবার ক্রিকেটারদের সংগঠনের উদ্যোগে দুই দলে ভাগ হয়ে বাংলাদেশ অল স্টার্স ম্যাচ খেলবেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।
প্রেস বক্সের প্রবেশমুখে এসে একটু থমকে গেলেন নাজমুল হোসেন শান্ত। পরে ভেতরে ঢুকে চেয়ার টেনে বসলেন। সামনে স্বচ্ছ কাচের দেয়াল ভেদ করে স্টেডিয়ামের পুরো দৃশ্য দেখে তার চোখেমুখে ফুটে উঠল মুগ্ধতা। “এখান থেকে তো খুব ভালোই দেখা যায় খেলা”…. এটুকু বলেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক হাসতে হাসতে যোগ করলেন, “…তাই সমালোচনাও বেশি করা যায়….!” তার কথায় হাসির রোল পড়ে গেল। মুহূর্তেই পরিবেশ হয়ে উঠল প্রাণবন্ত।
প্রেস বক্স এমনিতে সংবাদকর্মীদের ঠিকানা। তবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেস বক্সে নানা সময়েই পা পড়েছে ক্রিকেটারদের। কেউ একটু ঢু মেরেছেন, কেউ আড্ডা দিয়েছেন, কেউ সময় কাটিয়েছেন নানা কারণে। এবার প্রেস বক্সের স্বাদ নিলেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। সোমবার সকালে দেশের টেস্ট ও ওয়ানডে অধিনায়কের এখানে আসার কারণ বাংলাদেশ অল স্টার্স ম্যাচের সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত কক্ষ আছে এই প্রেস বক্সের ভবনেরই নিচতলায়। এবার একটু ব্যতিক্রম। সরাসরি প্রেস বক্সেই সংবাদ সম্মেলন। উপলক্ষটাই যে ব্যতিক্রমী!
বিজয় দিবসে এবার বিশেষ এক ম্যাচ আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। প্রতি বছরই বিজয় দিবসের শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশের ম্যাচ হয়ে আসছে। একসময় এই ম্যাচে খেলতেন বর্তমান ক্রিকেটাররা। অনেক বছর ধরে এই ম্যাচটি হচ্ছে সাবেক ক্রিকেটারদের নিয়ে। এবারও সাবেকদের নিয়ে সেই ম্যাচ আছে বিজয় দিবসের সকালে। পাশাপাশি কোয়াবের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই বাংলাদেশ অল স্টার্স ম্যাচ।
দেশের শীর্ষ ক্রিকেটারদের ভাগ করা হয়েছে দু্ই দলে। ‘অদম্য’ দলের অধিনায়ক মিরাজ, ‘অপরাজেয়’ দলের নেতৃত্বে শান্ত। বিজয় দিবস উদযাপনের পাশাপাশি এই ম্যাচ আয়োজনের উদ্দেশ্য কোয়াবের তহবিল সংগ্রহও। টি-টোয়েন্টি ম্যাচটি শুরু বিকেল সাড়ে পাঁচটায়। বিসিবির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকেট। খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে টি-স্পোর্টসে।
প্রেক্ষাপট যখন ভিন্ন, সংবাদ সম্মেলনের ধরনও ছিল আলাদা। প্রথাগত আনুষ্ঠানিকতার বদলে শুরু থেকেই ছিল আড্ডার আবহ আর রসিকতা। দুই অধিনায়কের পাশাপাশি ছিলেন দুই দলের কোচ সোহেল ইসলাম ও মিজানুর রহমান বাবুলও।
শান্ত ও মিরাজ আসার পর আড্ডায় নতুন মাত্রা যোগ করেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। দুই অধিনায়ক মিলে তাকে ঘিরে শুরু করেন মজার টানাটানি। শান্তর ‘অপরাজেয়’ দলে খেলার কথা থাকলেও মিঠুনকে মাঝখান থেকে নড়তে দিতে নারাজ মিরাজ। বারবার বলছিলেন, “নো, নো…প্রেসিডেন্টকে মাঝখানে থাকতে হবে…।”
শেষে অবশ্য দুই অধিনায়কই মিঠুনকে মাঝখানে রেখে করমর্দন করে ছবির জন্য পোজ দেন।
সংবাদ সম্মেলনের শুরুতে অবশ্য শান্তর কপালে পড়ল চিন্তার ভাঁজ। তার দলের বড় ভরসা শেখ মেহেদি হাসান খেলতে পারবেন না বোনের বিয়ের কারণে। কৃত্রিম দুর্ভাবনায় মুখে আঁধার নিয়ে মিঠুনকে সেই দুঃসংবাদ জানালেন শান্ত। তবে আত্মবিশ্বাসের কমতি নেই তার, প্রতিপক্ষকে একরকম হুমকিই দিয়ে রাখলেন, “কোনো ছাড়াছাড়ি হবে না… শুইয়ে ফেলব একদম…।”
শান্তর সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন প্রতিপক্ষ কোচ সোহেল আহমেদ, “আমরা কথায় বিশ্বাসী না। মাঠেই প্রমাণ করব কে কাকে শোয়ায়। বাইরে কথা হবে, আমরা সেগুলো কানে নিচ্ছি না।”
খুনসুটি-টিপ্পনি কমতি ছিল না গোটা আয়োজনে। মিরাজের দলকে ‘কমিটির টিম’ বলে দিলেন শান্ত। মিরাজের জবাবেও মিশে থাকল ঝাঁজ।
“এখানে তো দলই মাত্র দুইটা। ৮–১০ দল থাকলে কমিটির টিম বলা যেত। সবাই একই সঙ্গে ক্রিকেট খেলি। আমরা প্রত্যেক খেলোয়াড়কে ফোন করেছি, সবাই প্রস্তুত। ওদের দলে যা হচ্ছে, সেটা ওদেরই ব্যাপার।”
“খেলায় যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে তার কোনো মূল্য নেই। বাবুল স্যার হুমকি দিয়েছেন, শান্তও দিয়েছে। ওরা দিলে আমরাও দেব। মাঠে নেমে ম্যাচ জিতেই জবাব দেব।”
কোয়াবের উদ্যোগের প্রশংসা করতেও ভোলেননি মিরাজ।
“এই আয়োজন থেকে যে ফান্ডিং আসবে, সেটা পুরোপুরি ক্রিকেটারদের জন্যই ব্যয় হবে। আগেও অসুস্থ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে কোয়াবের ফান্ড কাজে লেগেছে। আরও ফান্ড থাকলে আরও অনেককে সাহায্য করা যেত। ভবিষ্যতের কথা ভেবেই এই উদ্যোগ।”
শুরুতে ঘোষিত স্কোয়াড থেকে দুই দল মিলিয়ে পরে পরিবর্তন এসেছে পাঁচটি। সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও তানজিম হাসান খেলতে পারছেন না। তাদের বদলে নেওয়া হয়েছে মোহাম্মদ নাঈম শেখ, রকিবুল হাসান, জিসান আলম, এসএম মেহরব ও রিপন মন্ডলকে।
বাংলাদেশ অল স্টার্স দুই দলের স্কোয়াড:
অপরাজেয়: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, জিসান আলম, নুরুল হাসান সোহান, এসএম মেহরব, জাকের আলী, শামীম হোসেন, রকিবুল হাসান, রিপন মন্ডল, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।
অদম্য: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, হাবিবুর রহমান সোহান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম।
