Published : 28 Jan 2025, 01:33 PM
ওয়েস্ট ইন্ডিজে জাতীয় দলের বড় পরাজয়ের খবর দিয়ে শুরু হয়েছিল দিন। তবে হতাশ করেনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটে-বলে তারা পর্যদুস্ত করেছে ক্যারিবিয়ানদের।
ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়ে আইসিসি উইমেন’স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পথচলা শেষ করেছে বাংলাদেশ।
সুপার সিক্স পর্বে প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পরই সেমি-ফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে এমন জয়ে শেষটা অন্তত ভালোভাবে করতে পারল তারা।
কুয়ালা লামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেয় বোলাররা। নতুন বলে তিন উইকেট নিয়ে ক্যারিবিয়ানদর বড় স্কোরের সম্ভাবনা শেষ করে দেন অফ স্পিনার নিশিতা আক্তার নিশি।
ক্যারিবিয়ান অধিনায়ক সামারা রামনাথ ৭ বলে শূন্য করে বড় শটের চেষ্টায় ধরা পড়েন লং অনে। আরেক ওপেনার আসাবি ক্যালেন্ডার ছক্কার চেষ্টায় আউট হন মিড উইকেট সীমানায়। এক দফায় হাত ফসকে গেলেও বল মুঠোয় জমান জান্নাতুল মাওয়া।
নতুন ব্যাটার জাহজারা ক্ল্যাক্সটন বুঝতেই পারেননি নিশিতার ডেলিভারি। বোল্ড হয়ে যান তিনি প্রথম বলেই।
লেগ স্পিনার আনিসা আক্তার সোবা আক্রমণে এসে প্রথম বলেই বোল্ড করে দেন ব্রিয়ানা হারিচারানকে। পরে তার বলেই পুল করার চেষ্টায় বোল্ড হন আবিগাইল ব্রাইস।

ছয়ে নেমে ২৩ বলে ১৬ রান করে দলকে কোনোরকমে পঞ্চাশ পার করান আমিৃতা রামতাহাল।
বাংলাদেশের ব্যাটিংয়ের যে দুর্দশা, এই লক্ষ্য তাড়া করা নিয়েও সংশয়ের জায়গা ছিল। তবে এ দিন আর ব্যাটিং ভোগায়নি দলকে। বরং উদ্বোধনী জুটিই দলকে জিতিয়ে দেয় ২৫ বল বাকি রেখে।
টুর্নামেন্টে প্রথমবার ওপেন করে ২৮ বলে ২৫ রানে অপরাজিত থাকেন কিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯: ১৩ ওভারে ৫৪/৬ (রামতাহাল ১৬*, কাম্বারব্যাচ ১৩, ক্যালেন্ডার ১১; নিশিতা ৩-০-১১-৩, ফারজানা ৩-০-১৪-০, হাবিবা ২-০-৮-০, আনিসা ৩-০-১৩-২, জান্নাতুল ২-০-৬-১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৮.৫ ওভারে ৫৫/০ (ছোঁয়া ১৪*, জুয়াইরিয়া ২৫*)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১০ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: নিশিতা আক্তার নিশি।