২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হেইজেলউডকে হারিয়ে টালমাটাল অস্ট্রেলিয়া

প্যাট কামিন্স ও শন অ্যাবটের পর এবার চোটে ছিটকে পড়লেন জশ হেইজেলউড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 11:05 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

স্বস্তির রেশ মিলিয়ে গেল দ্রুতই। আরেকটি বড় ধাক্কা নাড়িয়ে দিল অস্ট্রেলিয়া দলকে। চোটের কারণে অ্যাশেজের প্রথম টেস্টে খেলতে পারবেন না জশ হেইজেলউড। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের শক্তি কমে গেল আরও।

চোটের কারণে অধিনায়ক প্যাট কামিন্সের খেলতে না পারা নিশ্চিত হয়েছে বেশ আগেই। কদিন আগে ছিটকে গেছেন শন অ্যাবট। সেখানেই এবার যোগ হলো হেইজেলউডের নাম। 

শেফিল্ড শিল্ডের ম্যাচে গত বুধবার হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়েন হেইজেলউড ও অ্যাবট। সেদিনই স্ক্যান করানোর পর অ্যাবটের চোট ধরা পড়ে। প্রথম টেস্টের স্কোয়াডে তার না থাকা নিশ্চিত হয়ে যায়। তবে সেই স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি হেইজেলউডের। অস্ট্রেলিয়ার জন্য যা ছিল বড় স্বস্তি। 

কিন্তু তার অস্বস্তি কমেনি। ফলো-আপ স্ক্যানে শনিবার লো-গ্রেড পেশির চোট ধরা পড়েছে। 

হেইজেলউডের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মাইকেল নিসার। ২০২১ ও ২০২২ সালে দুটি টেস্ট খেলে সাত উইকেট নিয়েছেন তিনি। এবার শেফিল্ড শিল্ডের শুরুটা দুর্দান্ত করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে চারশর বেশি উইকেট শিকারি অভিজ্ঞ এই পেসার। তবে একাদশে হয়তো তার জায়গা হবে না। 

মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে একাদশে থাকতে পারেন ব্রেন্ডান ডগেট। ৩১ বছর বয়সী পেসারের টেস্ট অভিষেক হতে পারে এবারের অ্যাশেজের প্রথম ম্যাচ দিয়ে।

শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ফর্মে আছেন ডগেটও। দুই ম্যাচে উইকেট নিয়েছেন ১৩টি।

তবে নিসার-ডগেটরা থাকলেও কামিন্স ও হেইজেলউড না থাকা মানে অস্ট্রেলিয়ার শক্তি অনেকটাই কমে যাওয়া। গত অস্ট্রেলিয়ান মৌসু্মেও চোটের কারণে ভুগতে হয়েছিল হেইজেলউডকে। ভারতের বিপক্ষে সিরিজে পাঁচ ম্যাচের তিনটিতেই তিনি খেলতে পারেননি। 

২০১৪ সালের পর ঘরের মাঠে স্রেফ দুটি টেস্টে কামিন্স ও হেইজেলউডের দুজনকেই পায়নি অস্ট্রেলিায়া। ২০২১ সালে ইংল্যান্ড ও ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই দুটি ম্যাচেই অবশ্য তারা জিতেছিল। 

পার্থ টেস্ট দিয়ে এবারের অ্যাশেজ শুরু আগামী শুক্রবার।