১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাকরি ছাড়লেন বাংলাদেশের সহকারী কোচ

গত মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই বিসিবিতে পদত্যাগপত্র দেন সহকারী কোচ নিক পোথাস।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাকরি ছাড়লেন বাংলাদেশের সহকারী কোচ
নাজমুল হোসেন শান্তর সঙ্গে নিক পোথাস। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2025, 12:35 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র এক মাস আগে জানা গেল, বাংলাদেশের কোচিং স্টাফে আর নেই নিক পোথাস। দুই বছর মেয়াদের কয়েক মাস বাকি থাকতেই বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান।

মাসখানেক আগেই বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন পোথাস। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে তার এক আবেগমাখা বার্তায় প্রকাশ্যে আসে চাকরি ছাড়ার খবর। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, নতুন বছর শুরুর আগেই চাকরি ছেড়ে দিয়েছেন পোথাস। 

“গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই বিসিবির সঙ্গে নেই পোথাস। গত ১৯ ডিসেম্বর পদত্যাগপত্র দিয়েছেন তিনি। জরুরি পারিবারিক প্রয়োজনের কথা বলেছেন। বিসিবি তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।”

সামাজিক মাধ্যমে বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানান ৫১ বছর বয়সী কোচ।

“সব ভালো জিনিসের মতো এটিরও (সহকারী কোচের দায়িত্ব) শেষ হতেই হতো। বাংলাদেশ দলের হয়ে দারুণ কিছু মানুষের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছি আমি। এই যাত্রায় আমরা অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি এবং দুর্দান্ত সব স্মৃতির জন্ম দিয়েছি।” 

“এখন নিজের ঘরে ভালো সময় কাটানোর পালা। দেখা যাক পরবর্তী অধ্যায়ে কী আছে। সামনের রোমাঞ্চকর বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা। আমি তোমাদের মিস করব।” 

২০২৩ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ সহকারী কোচের দায়িত্ব নেন পোথাস। পরের মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে কাজ শুরু করেন তিনি। এবার দেশের বাইরে আরেক সিরিজ দিয়েই ইতি টানলেন এই অধ্যায়ের। 

শেন ম্যাকডারমটের বিদায়ের পর গত কয়েক সিরিজে মূলত ফিল্ডিং কোচ হিসেবে কাজ চালিয়ে নিচ্ছিলেন পোথাস। এর আগে জেমি সিডন্স চলে যাওয়ার কয়েক সিরিজে ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেন তিনি। 

চুক্তি অনুযায়ী সামনের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে কাজ করার কথা ছিল পোথাসের। দুবাই ও পাকিস্তানে অনুষ্ঠেয় ওই টুর্নামেন্ট শুরু আগামী ২০ ফেব্রুয়ারি। নাফীস বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নতুন কাউকে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।  

“চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন কাউকে নেওয়ার সম্ভাবনা কম। সেখানে সর্বোচ্চ ৫টা ম্যাচ হবে। এর মধ্যে তাড়াহুড়ো করে নতুন কোচ হয়তো নেওয়া হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করার পর দীর্ঘমেয়াদে ফিল্ডিং কোচ তথা সহকারী কোচ নিয়োগের ব্যাপারটা দেখা হবে।”

সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি ছিল পোথাসের। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে চাকরি হারান হাথুরুসিংহে। 

পোথাসের পদত্যাগের পর এখন মূলত চার সদস্যে পরিণত হলো বাংলাদেশের কোচিং। প্রধান কোচ হিসেবে আছেন ফিল সিমন্স। উইন্ডিজ সফরের আগে সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।

এর বাইরে ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পালন করছেন আন্দ্রে অ্যাডামস এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে আছেন নাথান কিলি।