Published : 13 Jan 2026, 12:17 PM
সাব্বির রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল তার পারফরম্যান্স নিয়ে। “গতবার একটু রান ভালো হয়েছে, এবার একটু হচ্ছে…আপনি কিভাবে মূল্যায়ন করবেন নিজের পারফরম্যান্স?” প্রশ্নটি হয়তো ঠিক পছন্দ হলো না তার। উত্তর দিলেন পাল্টা প্রশ্ন করে। পরে যে ব্যাখ্যা দিলেন, সেখানে মিশে থাকল ব্যাটিং পজিশন নিয়ে তার অসন্তুষ্টি।
একসময় সাব্বিরকে মনে করা হতো দেশের সবচেয়ে কার্যকর টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের একজন। এই সংস্করণে জাতীয় দলেও তিনি ছিলেন অপরিহার্য। সেসব দিন এখন অতীত। বিপিএলেও খুব বড় ভূমিকায় তাকে দেখা যায়। পারফরম্যান্স দিয়েও সেটি তিনি আদায় করতে পারছেন না।
এবারের বিপিএলে খেলছেন তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে। তার দল পয়েন্ট তালিকায় তলানি থেকে দুইয়ে। তার পারফরম্যান্সও উল্লেখযোগ্য কিছু নয়।
সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারার পর সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্নে ব্যাটিং পজিশন নিয়ে আক্ষেপই বেরিয়ে এলো ৩৪ বছর বয়সী ব্যাটসম্যানের।
“আপনি অ্যানালাইসিস করেছেন, কত নম্বরে নেমেছি? কত নম্বরে কয়টা বলের মুখোমুখি হয়েছি? একটা ব্যাটসম্যান যদি সাতে খেলে, আটে খেলে, গিয়ে দেখে ১৪-১৫ করে লাগে (ওভারপ্রতি), আমি কি ডিফেন্স করব গিয়ে? অবশ্যই না…।”
“যখন আমি আগে ব্যাটিংয়ে নেমেছি…দুটো ম্যাচে সুযোগ পেয়েছিলাম… কিন্তু সব ম্যাচে তো হয় না এরকম। ব্যাটসম্যান হিসেবে আমার মনে হয়, চার-পাঁচ আদর্শ পজিশন আমার জন্য। এখন টিম ম্যানেজমেন্ট মনে করেছে আমি সাত-আটে সেরা, এজন্য আমাকে খেলিয়েছি। এখানে আমার কিছু করার নেই। এর চেয়ে বেশি কিছু আমারও করার ছিল না।”
এবার বিপিএলে সাত ইনিংস খেলে সাব্বিরের রান ১১৭। সর্বোচ্চ ইনিংসটি ২৫ রানের। তিনটি ইনিংসে অপরাজিত থাকায় গড় খারাপ নয় (২৯.২৫)। স্ট্রাইক রেটও বেশ ভালো (১৪৪.৪৪)।
টুর্নামেন্টে দুটি ইনিংস তিনি খেলেছেন ছয় নম্বরে, চারটি সাতে, একটি আটে।
সবশেষ ম্যাচটিতে তিনি আউট হয়েছেন শেষ ওভারে। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে তিনি আউট হওয়ার পর ওভার বাকি ছিল প্রায় সাত ওভার। চট্টগ্রাম রয়্যালের বিপক্ষে তিনি আউট হন দশম ওভারে। সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচটিতে তিনি আউট হওয়ার পর বাকি ছিল সাত ওভারের বেশি।