৩৯ বল আর ৩৮ রানে শেষ নেলসনের লড়াই
নিশ্চিত হয়ে গেল সিরিজ হারছে না নিউ জিল্যান্ড, শেষ ম্যাচে সিরিজ ড্র করার চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের।
সিরিজের প্রথম তিন ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ফয়সালা হয়েছিল শেষ ওভারে। চতুর্থ ম্যাচে পুরো উল্টো চিত্র। খেলাই হতে পারল না সেভাবে। বৃষ্টিতে ভেসে গেল নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি।
নেলসনে আগের দিন নাটকীয় জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নিউ জিল্যান্ড। সোমবার চতুর্থ ম্যাচ ভেস্তে যাওয়ায় নিশ্চিত হয়ে গেল, সিরিজ হারছে না কিউইরা। শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের চ্যালেঞ্জ সিরিজে সমতা ফেরানোর।
বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে ম্যাচটি শুরু হয় সময়মতোই। ৫ ওভার খেলা হয়েও যায়। এরপর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরে আবার শুরু হলেও ৯ বল পরই আবার নামে বৃষ্টি। এরপর আর শুরু হতে পারেনি ম্যাচ।
৬.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেটে ৩৮।
দুটি ছক্কায় ১৮ বলে ২১ রান করে আলিক আথানেজ আউট হন জিমি নিশামের বলে। আরেক ওপেনার আমির জাঙ্গু অপরাজিত থাকেন ১৮ বলে ১২ রান করে। ৩ বলে ৩ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শেই হোপ।
সিরিজ নির্ধারণী ম্যাচ ডানেডিনে আগামী বৃহস্পতিবার।
