Published : 29 Dec 2025, 05:33 PM
দলের পরিকল্পনা ‘সিম্পল।’ নিজের পরিকল্পনা ‘সিম্পল।’ ফাহিম আশরাফের কথায় বারবার উঠে এলো এই কথাটিই। রংপুর রাইডার্সের অলরাউন্ডার বললেন, সরল পরিকল্পনায় বল করেই তিনি শিকার করেছেন ৫ উইকেট আর জিতেছে তার দল।
বিপিএলে সোমবার চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে আসর শুরু করে ফেভারিট রংপুর রাইডার্স।
সিলেটে চট্টগ্রামকে মাত্র ১০২ রানেই গুটিয়ে দিয়ে জয়ের ভিত গড়ে দেন রংপুরের বোলাররা। সেখানে উজ্জ্বলতম ছিলেন ফাহিম। ১৭ রানে ৫ উইকেট শিকার করেন পাকিস্তানি এই ক্রিকেটার।
বিপিএলে এই স্বাদ পেলেন তিনি দ্বিতীয়বার। গত বিপিএলে এই বছরের শুরুতে মিরপুরে ৭ রানে ৫ উইকেট নেন তিনি ফরচুন বরিশালের হয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।
বিপিএলে ম্যাচে ৫ উইকেট একাধিকবার শিকার করা মাত্র তৃতীয় বোলার তিনি। দুই বার করে এই সাফল্য পেয়েছেন থিসারা পেরেরা ও তাসকিন আহমেদ।
লঙ্কান অলরাউন্ডার থিসারা বিপিএলে খেলেছেন ৮৮ ম্যাচ, তাসকিন খেলেছেন ৯০ ম্যাচ। ফাহিম তাদের স্পর্শ করলেন মাত্র ২০ ম্যাচেই।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে এ দিন ছিল সবুজ ঘাস। আকাশ ছিল মেঘলা। কন্ডিশন ছিল পেস বোলিংয়ের জন্য আদর্শ। ফাহিম এমনিতেও দুই দিকে সুইং করাতে পারেন। এ দিন সুইংয়ের সঙ্গে স্লোয়ার, লেংথের বৈচিত্র যোগ করে তিনি সফল হন তিনি।
ম্যান অব দা ম্যাচ হয়ে ৩১ বছল বয়সী ক্রিকেটার বললেন, বাড়তি কিছুর চেষ্টা করেননি তিনি।
“আমাদের পরিকল্পনা স্রেফ সিম্পল। আমাদের দলীয় পরিকল্পনা হলো কন্ডিশন বুঝে সেভাবেই বল করা। আমরা সেটিই করেছি।”
“যেটি বললাম, আমাদের পরিকল্পনা ছিল সিম্পল। আমার বোলিংয়ের পরিকল্পনাও সিম্পল। আমার যা আছে, সেটুকুই করার চেষ্টা করি। আজকেও তা করেছি।”
শক্তি-সামর্থ্য আর অভিজ্ঞতার দিক থেকে এবারের বিপিএলে রংপুর রাইডার্সের ধারেকাছে নেই কোনো দল। গত বিপিএলে ফরচুন বরিশালের শিরোপা জয়ে বড় অবদান রাখা ক্রিকেটার নতুন এই দল এসেও খুব খুশি।
“এটা আমাদের জন্য ভালো যে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে আমাদের। মাহমুদউল্লাহ, মালান, আরও অনেকে আছে। এটা আমাদের জন্য দারুণ।”