১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আকবরের নেতৃত্বে বিসিএল অল স্টার্স দলে সৌম্য-নাঈম-মোসাদ্দেক

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দলে থাকা সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও তানভির ইসলামকে রাখা হয়েছে অল স্টার্স দলে।

আকবরের নেতৃত্বে বিসিএল অল স্টার্স দলে সৌম্য-নাঈম-মোসাদ্দেক
সম্প্রতি বিসিএলে দারুণ একটি সেঞ্চুরি করেন আকবর। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 07:34 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে থাকা সৌম্য সরকার, তানভির ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কন প্রস্তুতি ম্যাচে খেলবেন বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) অল স্টার্স দলে। এই দলকে দলকে নেতৃত্ব দেবেন আকবর আলি। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে অল স্টার্স একাদশের বিপক্ষে শনিবার ম্যাচটি খেলবে বাংলাদেশ জাতীয় দল। সবার প্রস্তুতি নিশ্চিত করতেই মূল স্কোয়াডের ওই তিন ক্রিকেটারকে রাখা হয়েছে অল স্টার্স দলে।

ঘরোয়া ক্রিকেটের সফল অধিনায়ক আকবর বিভিন্ন সময়ে বাংলাদেশ ‘এ’ দল, ইমার্জিং দলসহ বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছেন। এই সিরিজে তিনি জাতীয় দলে জায়গা পেতে পারেন বলেও জোর আলোচনা ছিল। শেষ পর্যন্ত তা হয়নি।

জাতীয় দলে জায়গা হারানো মোহাম্মদ নাঈম শেখকে রাখা হয়েছে এই অল স্টার্স দলে। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফরমার সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগেও সর্বোচ্চ রান করে ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছেন।

ঘরোয়া ক্রিকেটের পারফরমার, উঠতি ক্রিকেটার ও জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের মিলিয়ে গড়া হয়েছে অল স্টার্স দলটি। সেখানে উল্লেখযোগ্য একটি নাম মোসাদ্দেক হোসেন। দীর্ঘদিন পর প্রতিনিধিত্বমূলক কোনো দলে সুযোগ পেলেন অভিজ্ঞ অলরাউন্ডার। বিপিএলের ২০২৪-২৫ আসরে ফিক্সিংসহ নানা দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নাম থাকায় এবারের আসরে তাকে খেলতে দেওয়া হয়নি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার দুপুর সোয়া ২টায় শুরু প্রস্তুতি ম্যাচটি।

বিসিএল অল স্টার্স স্কোয়াড: আকবর আলি (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, রিপন মন্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রকিবুল হাসান, জিসান আলম, নাঈম হাসান।