২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি চূড়ান্ত
আগামী ১১ জুন শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের ফাইনালের ভেন্যু হিসেবে লর্ডসের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এবার প্রকাশ করা হলো সূচিও। আগামী ১১ জুন শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি মঙ্গলবার নিশ্চিত করেছে ফাইনালের সূচি। ‘দা আল্টিমেট টেস্ট’ এর জন্য ১৬ জুন একটি রিজার্ভ ডেও রাখা হয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন হয় নিউ জিল্যান্ড। ২০২১ সালে সাউথ্যাম্পটনের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারায় কিউইরা।
দ্বিতীয় চক্রেও শিরোপার লড়াইয়ে ছিল ভারত। কিন্তু ২০২৩ সালের ফাইনালে ফের তাদের সঙ্গী হয় হতাশা। লন্ডনের ওভালে রোহিত শার্মার দলকে ২০৯ রানে উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতি চক্র চলে দুই বছর ধরে। পয়েন্টের শতকরা হারে টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলে ফাইনাল।
এবারের চক্রেও ফাইনাল খেলার দৌড়ে এগিয়ে ভারত ও অস্ট্রেলিয়া। শতকরা ৬৮.৫২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে ভারত। আর দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের হার ৬২.৫০।
ঠিক ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে নিউ জিল্যান্ড। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়া বাংলাদেশ ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। পাঁচে ফাইনালের আয়োজক ইংল্যান্ড, তাদের পয়েন্টের হার ৪৫।
পরের চারটি স্থানে যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা (৩৮.৮৯), শ্রীলঙ্কা (৩৩.৩৩), পাকিস্তান (১৯.০৫) ও ওয়েস্ট ইন্ডিজ (১৮.৫২)।
