১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়ে নিউ জিল্যান্ডকে নিয়ে ফাইনালে দ.আফ্রিকা

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হারল জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 09:11 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

সতীর্থদের ব্যর্থতার দিনে একাই লড়াই করলেন ব্রায়ান বেনেট। পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে এনে দিলেন কিছুটা লড়ার মতো পুঁজি। কিন্তু বোলাররা পারলেন না তেমন কিছু করতে। রাসি ফন ডার ডাসেন ও রুবিন হারমানের ফিফটিতে জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা।

হারারে স্পোর্টস ক্লাবে রোববার দক্ষিণ আফ্রিকার জয় ৭ উইকেটে। স্বাগতিকদের ১৪৪ রান ১৬ বল বাকি থাকতে টপকে গেছে তারা।

তিন ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেল প্রোটিয়ারা, এবং তাদের এই জয়ে ফাইনালের টিকেট নিশ্চিত হয়ে গেছে নিউ জিল্যান্ডেরও। সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচই জিতেছে কিউইরা।

ঘরের মাঠের সিরিজে টানা তিন ম্যাচ হারল জিম্বাবুয়ে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটির ইনিংসে ৬৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন হারমান। তার ৩৬ বলের বিধ্বংসী ইনিংসটি সাজানো ৪টি ছক্কা ও ৩টি চারে। 

হারমানের সঙ্গে ১০৬ রানের জুটি গড়া ফন ডার ডাসেন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬টি চারে ৪১ বলে ৫২ রান করে।

ম্যাচের প্রথম ভাগে ব্যাট হাতে আলো ছড়ানো বেনেট খেলেন ৬১ রানের ইনিংস। ৩টি ছক্কা ও ৭টি চারে গড়া তার ৪৩ বলের ইনিংসটি।

টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লেতে ২৯ রান তুলতে ২ উইকেট হারায় তারা। লুঙ্গি এনগিডিকে পরপর দুই চার মারা ওয়েসলি মাধেভেরেকে পরের ওভারে ফিরিয়ে দেন কর্বিন বশ।

তিনে নেমে ক্লাইভ মাডান্ডে ছক্কায় ওড়ান নান্দ্রে বার্গারকে। তিনিও পারেননি টিকতে, ফিরতি ক্যাচ নিয়ে পরের ওভারে তাকে বিদায় করেন বশ। সিরিজে টানা তিন ম্যাচে ৮ রানে আউট হলেন মাডান্ডে।

জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাও পারেননি হাল ধরতে। চাপে পড়া দলকে এরপর টানেন বেনেট ও বার্ল। তাদের ব্যাটে একশ ছাড়ায় জিম্বাবুয়ের রান। চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়েন দুইজন। ৩৮ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করা বেনেটকে ফিরিয়ে যুগলবন্দি ভাঙেন এনগিডি।

পরে আরও দুটি উইকেট পড়লেও, একটি ছক্কা ও ৩টি চারে ৩১ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন বার্ল।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকাও ভালো শুরু পায়নি। ২২ রানে দুই ওপেনার বিদায় নেওয়ার পর অবশ্য আর কোনো বিপদ হতে দেননি ফন ডার ডাসেন ও হারমান। তাদের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা।

শুরুতে কিছুটা খোলসবন্দি ছিলেন হারমান, প্রথম ১৭ বলে করেন ১৭ রান। পরে সিকান্দার রাজাকে চার ও ছক্কা মেরে ডানা মেলেন এই ওপেনার। ওয়েলিংটন মাসাকাদজাকে ছক্কার পর চার হাঁকান তিনি। মাপোসাকে ছক্কায় উড়িয়ে ২৯ বলে স্পর্শ করেন ফিফটি। 

হারমান অবশ্য কাজ শেষ করে ফিরতে পারেননি। রিচার্ড এনগারাভাকে ছক্কা মারার পরের ডেলিভারিতে বোল্ড হয়ে শেষ হয় তার চমৎকার ইনিংস।

আরেক প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে ফন ডার ডাসেন পঞ্চাশে পা রাখেন ৪০ বলে। মাঠ ছাড়েন জয় নিয়ে।

আগামী শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। এর আগে মঙ্গলবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে নিউ জিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৪/৬ (মাধেভেরে ১৩, বেনেট ৬১, মাডান্ডে ৮, রাজা ৯, বার্ল ৩৬, মুসেকিওয়া ০, মুনিয়োঙ্গা ১, মাপোসা ৮; এনগিডি ৪-০-২৯-১, বার্গার ৪-০-২০-১, বশ ৪-০-১৬-২, পিটার ৩-০-২৭-১, লিন্ডা ৩-০-৩৩-০, সিমেলানে ২-০-১৪-০)

দক্ষিণ আফ্রিকা: ১৭.২ ওভারে ১৪৫/৩ (প্রিটোরিয়ার ৪, হেনড্রিকস ৬, ফন ডার ডাসেন ৫২, হারমান ৬৩, ব্রেভিস ১৩; এনগারাভা ৪-১-২১-১, মাপোসা ৪-০-৩৮-২, গুয়ান্ডু ৩.২-০-২৭-০, মাসাকাদজা ৩-০-২৫-০, রাজা ২-০-২৬-০, বার্ল ১-০-৭-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রুবিন হারমান