Published : 16 Aug 2025, 01:07 PM
মাঠের ভেতরে আগুনে লড়াই, মাঠের বাইরে তুমুল বন্ধুত্ব। ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে যুগ যুগ ধরে এমন কিছুই শোনা গেছে বারবার। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটারদের কথার লড়াই, খুনসুটির অনেক গল্প নানাজনের কাছ থেকে জানা গেছে নানা সময়ে। ১৯ বছর আগে শাহিদ আফ্রিদির সঙ্গে তেমনই একটি ঘটনা শোনালেন ইরফান পাঠান।
২০০৬ সালে ভারতীয় দলের পাকিস্তান সফরের সময়ের ঘটনা সেটি। ইরফানের সেটি দ্বিতীয় পাকিস্তান সফর। বয়স তখনও তার ২২ হয়নি। আফ্রিদি ততদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অনেক অভিজ্ঞ ও বড় তারকা।
লাল্লানটপকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান যে গল্প বললেন, সেটি আসলে স্রেফ খুনসুটির সীমানাও ছাড়িয়ে গিয়েছিল কিছুটা।
“২০০৬ সালের সফরে আমরা করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। দুই দল একই ফ্লাইটে ছিল। আফ্রিদি আমার কাছে এসে হাত দিয়ে আমার চুল এলোমেলো করে দিয়ে বলল, ‘কেমন আছো বাবু? তুমি আমার বাপ হলে কবে থেকে…!!!’ অথচ বাচ্চার মতো আচরণ করছিল সে নিজেই। সে তো আমার বন্ধু নয়! এরপর কিছু অপমানজনক কথাও বলছিল।”
ইরফান তখন আফ্রিদিকে জবাব দেন পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সঙ্গে কথোপকথনের মাধ্যমে।
“আব্দুল রাজ্জাক তখন আমার সঙ্গে বসে ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, পাকিস্তানে কোন ধরনের মাংস পাওয়া যায়। সে আমাকে নানা ধরনের মাংসের কথা জানাল। তখন আমি জানতে চাইলাম, কুকুরের মাংস পাওয়া যায় কি না। রাজ্জাক তো অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘এটা বলছো কেন?”
“আমি তখন বললাম, ‘সে (আফ্রিদি) তো কুকুরের মাংস খেয়েছে, এজন্য এতক্ষণ ধরে শুধু ঘেউ ঘেউ করছে।’ আফ্রিদি শুনে আর কিছু বলতে পারেনি। সে যদি তখন কিছু বলত, আমি আবার বলতাম, ‘দেখো, আবার ঘেউ ঘেউ শুরু করেছে।’ কিন্তু সে পুরো ফ্লাইটে আর কথা বলেনি।”
ইরফানের দাবি, ওই ঘটনার পর আর কখনও তার সঙ্গে কথার লড়াইয়ে জড়াননি আফ্রিদি।
“এই ঘটনা থেকে সে বুঝে গিয়েছিল, কথার লড়াইয়ে আমার সঙ্গে জিততে পারবে না। এজন্য আর কখনও আমাকে সে কিছু বলেনি।”