দুই ট্রফি নিয়ে রংপুরে উৎসব করবে রংপুর রাইডার্স
সমর্থকদের সঙ্গে গ্লোবাল সুপার লিগ জয়ের আনন্দ ভাগাভাগি করতে সোমবার রংপুর সফরে যাবেন ক্রিকেটাররা, খোলা ট্রাকে শহর প্রদক্ষিণ, কানসার্টসহ আছে নানা আয়োজন।
সমর্থকদের সঙ্গে গ্লোবাল সুপার লিগ জয়ের আনন্দ ভাগাভাগি করতে সোমবার রংপুর সফরে যাবেন ক্রিকেটাররা, খোলা ট্রাকে শহর প্রদক্ষিণ, কানসার্টসহ আছে নানা আয়োজন।
‘ঘোরার কোনো সুযোগ নেই। হোটেল থেকে মাঠে আসা-যাওয়া, এভাবেই চলছে’- শনিবার দুপুরে টিম হোটেলের লবিতে বসে কিছুটা আক্ষেপের সুরেই উত্তর দেন স্টিভেন টেইলর। তবে কিছুক্ষণ পরই বাইরে ঘুরতে যাওয়ার সুখবর পেয়ে যান রংপুর রাইডার্সের বাঁহাতি ওপেনার। ক্রিকেটারদের নিয়ে নিজেদের শহরে যাওয়ার পরিকল্পনা সাজিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। গত মাসে গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএল) চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। সেই ট্রফি নিয়ে সোমবার নিজেদের শহর রংপুরে যাবে দলটি। বিপিএল ট্রফি ট্যুরের অংশ হিসেবে এই আয়োজনে যুক্ত হবে বিপিএলের ট্রফি ও মাসকট ‘ডানা ৩৬’। দিনব্যাপী সফরে জিএসএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি নিয়ে যাবে রংপুর। বিপিএল আয়োজকরা সঙ্গে পাঠাবে টুর্নামেন্টের ট্রফি ও মাসকট। এই দুই ট্রফি নিয়ে দুপুরে খোলা ট্রাকে চড়ে শহর প্রদক্ষিণ করবেন রংপুরের ক্রিকেটাররা। বিপিএলে এবার প্রথম আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে ফেলা রংপুরের সামনে এখন লম্বা বিরতি। আগামী বৃহস্পতিবার নিজেদের পরের ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে তারা। মঙ্গলবারের আগে কোনো অনুশীলনও নেই তাদের। মাঝের এই ফাঁকা সময়ে নিজে শহরের সমর্থকদের সঙ্গে জিএসএল জয়ের আনন্দ ভাগ করে নিতে যাবেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকাররা। চট্টগ্রাম থেকে সোমবার সকালে হেলিকপ্টারে করে রংপুরে যাবেন ক্রিকেটাররা। পরে শহর প্রদক্ষিণ শেষে রংপুর ক্রিকেট গার্ডেনে ক্রিকেটারদের সঙ্গে সমর্থকদের দেখা ও কথা বলার সুযোগ রাখা হবে। এক হাজারের বেশি সমর্থককে দেওয়া হবে রংপুরের ফ্যান জার্সি। সুযোগ থাকবে ট্রফির সঙ্গে ছবি তোলার। সবশেষে দুপুর তিনটায় কনসার্টে গান পরিবেশন করবে ‘অ্যাভয়েড রাফা’ ব্যান্ড।
