Published : 19 Jan 2026, 11:59 AM
চোট থেকে সেরে ওঠার পথে আছেন জশ হেইজেলউড। পুনবার্সনের পথে একটু হোঁচট খেলেও টিম ডেভিডও আছেন সময়মতো মাঠ ফেরার পথে। তবে প্যাট কামিন্সকে নিশ্চিতভাবেই বিশ্বকাপের শুরু থেকে পাবে না অস্ট্রেলিয়া। এই পেসারকে তবু রাখা হচ্ছে স্কোয়াডে। তিনি দলে যোগ দেবেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার তৃতীয় বা চতুর্থ ম্যাচের সময়।
বিশ্বকাপের আগে পাকিস্তানে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের দল ঘোষণার সময় বিশ্বকাপ স্কোয়াডের চোটাক্রান্ত তিন ক্রিকেটারের সবশেষ অবস্থা জানিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি।
“টিডি (টিম ডেভিড) ছোটখাটো একটা ধাক্কা খেয়েছে গত সপ্তাহে। রানিং সেশন শুরুর আশা করেছিল, কিন্তু সেটা পেরে ওঠেনি। তবে বড় কোনো ক্ষতিও হয়নি। এখনও পর্যন্ত যা অবস্থা, টুর্নামেন্টের শুরু থেকেই মাঠে নামার পথে আছে সে। জশও (হেইজেলউড) আছে একই পথে।”
“প্যাটের (কামিন্স) অবস্থা একটু ভিন্ন… সে সম্ভবত একটু পরের দিকে বিশ্বকাপ দলে যোগ দেবে, তিন বা চার নম্বর ম্যাচের দিকে।”
হেইজেলউড তো বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে গা গরমের ম্যাচেও শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। ডেভিডের সেই সম্ভাবনা একটু কম।
গত বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে কোনো ম্যাচ খেলেননি কামিন্স। দেশের জার্সিতে আবার তাকে এই সংস্করণে দেখা যাবে আরেকটি বিশ্বকাপেই।
পাকিস্তান সফরের দলের অনুমিতভাবেই নেই এই তিন ক্রিকেটার। এছাড়াও বিশ্বকাপ স্কোয়াডের গ্লেন ম্যাক্সওয়েল ও ন্যাথান এলিসকেও বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজ থেকে। দুজনই এখন ব্যস্ত বিগ ব্যাশে।
পাকিস্তানে ১৭ সদস্যের বিশাল বহর পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া শন অ্যাবট, বেন ডোয়ার্শিস, মিচেল ওয়েন, জশ ফিলিপি ও ম্যাট রেনশ আছেন পাকিস্তান সিরিজের দলের। এছাড়াও আছেন আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা দুই নবীন মাহলি বিয়ার্ডম্যান ও জ্যাক এডওয়ার্ডস।
বিয়ার্ডম্যান কিছুদিন আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন। ২০ বছর বয়সী সম্ভাবনাময় পেসার এখনও পর্যন্ত মাত্র ১১টি টি-টোয়েন্টি খেলেছেন। এবারের বিগ ব্যাশে ওভারপ্রতি ৮.৩৪ রান দিয়ে উইকেট নিয়েছেন ৮টি।
এডওয়ার্ডস টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন এই প্রথম। বদলি হিসেবে আগে ওয়ানডে স্কোয়াডে ছিলেন অল্প সময়ের জন্য। ২৫ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার এবারের বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়ে আপাতত চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি, পাশাপাশি ১১৫ রান করেছেন প্রায় ১৯২ স্ট্রাইক রেটে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের ম্যাচ তিনটি আগামী ২৯, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি লাহোরে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে।
অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, কুপার কনোলি, বেন ডোয়ার্শিস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপি, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।