Published : 10 Dec 2025, 08:26 PM
ঢাকার লিগ ক্রিকেট বর্জন করা ক্লাবগুলির মৌখিক ঘোষণাকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করছে না ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচিতে তাই রাখা হচ্ছে ২০ ক্লাবের সবকটিকেই।
প্রথম বিভাগ লিগ শুরুর প্রথম তারিথ ছিল গত ১৮ নভেম্বর। তবে ক্লাবগুলির লিগ বর্জন নিয়ে টানাপোড়েন ও অনিশ্চয়তায় লিগও পিছিয়ে যায় দফায় দফায়। পরে সিদ্ধান্ত হয় এই বৃহস্পতিবার থেকে লিগ শুরুর। কিন্তু আগের দিন মিরপুরে সংবাদ সম্মেলনে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনা করা সংস্থা সিসিডিএম-এর প্রধান ও বিসিবি পরিচালক আদনান রহমান দীপন জানালেন লিগ শুরুর নতুন তারিখ।
“১১ তারিখ থেকে আমাদের প্রথম বিভাগ লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হওয়াতে আমরা ১৪ তারিখ থেকে লিগ শুরু করছি। আমরা আজকেই সূচি ছেড়ে দেব। চেষ্টা করছি উদ্বোধনী ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে করতে। এটিই হলো আমাদের এখনকার অবস্থান।”
গত অক্টোবরের বিসিবি নির্বাচনকে ঘিরে চলছে এই দ্বন্দ্ব। এই নির্বাচন ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ ঘোষণা করে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় ঢাকার ৪৩টি ক্লাব। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও তাদের অবস্থান বদলায়নি। বরং ২ ডিসেম্বর মঙ্গলবার সংবাদ তারা জানায়, ৪৫টি ক্লাব ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকার সিদ্ধান্তে অটল।
সেটির প্রেক্ষিতেই সিসিডিএম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বৃহস্পতিবার। দীর্ঘ লিখিত বক্তব্যে বিসিবি নির্বাচনের নানা দিক তুলে ধরা হয়। বিসিবি সভাপতি আমিনুলের নানা অর্জন ও বিভিন্ন দেশে সফরের কথা উল্লেখ করা হয়। লিগ বর্জন করা ক্লাবগুলির দিকে পাল্টা তির ছোড়া হয়।
বিসিবি নির্বাচন নিয়ে ওই ক্লাবগুলির সঙ্গে একই অবস্থানে থাকলেও তামিম ইকবাল যে লিগ বর্জনের সঙ্গে একমত নয় এবং তার ক্লাবগুলি খেলায় অংশ নেবে, সেজন্য সাবেক এই অধিনায়কের ভূয়সী প্রশংসাও করা হয় লিখিত ওই বক্তব্যে।
লিগ বর্জনের ঘোষণা দেওয়া ক্লাবগুলির মধ্যে প্রথম বিভাগের ক্লাব আছে ৮টি। তারা দলবদলে অংশ নেয়নি। তবে সিসিডিএম প্রধান জানালেন, সূচিতে তারা সব ক্লাবকেই রাখছেন।
“আমরা অফিসিয়ালি ২০টি দলই ধরে রাখব। কারণ আমরা এ ধরনের মৌখিক বার্তা পাচ্ছি (লিগ বর্জনের), কিন্তু সূচি ছাড়ছি ২০ দল নিয়েই।”
এতগুলি ক্লাব শেষ পর্যন্ত লিগ বর্জন করলে অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পাবেন না। তাদের জন্য বিকল্প কোনো লিগ বা বিশেষ ব্যবস্থার কথা বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল আগে। বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ এখানে সুনির্দিষ্ট কিছু না বললেও আশ্বাস দিয়ে রাখলেন।
“তাদের ব্যাপারে চিন্তা করছে বোর্ড। এই মুহূর্তে বোর্ড খেলা শুরু করা নিয়েই ভাবছে। তারপর ওদের খেলা নিয়ে কী করা যায়, চিন্তা করছে বোর্ড।”