নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
Published : 08 Dec 2025, 05:32 PM
শঙ্কাটাই সত্যি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ম্যাট হেনরি, ন্যাথান স্মিথ ও মিচেল স্যান্টনার। দুঃসংবাদের মাঝে স্বস্তির খবরও পেয়েছে নিউ জিল্যান্ড। দলে ফিরেছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য সোমবার ক্রিস্টিয়ান ক্লার্ককে দলে যোগ করে নিউ জিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ২৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার আগে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন। প্রথমবার জায়গা পেলেন টেস্ট দলে।
পেস বোলিংয়ে শক্তি বাড়াতে রোববার ৩০ বছর বয়সী পেসার মাইকেল রাইকে দলে যোগ করে কিউইরা। প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া কিপার-ব্যাটসম্যান টম ব্লান্ডেলের জায়গায় আগেই মিচেল হেকে দলে ডাকে তারা।
ক্রাইস্টচার্চে ড্র হওয়া প্রথম টেস্টে পায়ের পেশিতে চোট পান অভিজ্ঞ পেসার হেনরি। দ্বিতীয় ইনিংসে ১১ ওভারের বেশি বোলিং করতে পারেননি তিনি। আর সাইড স্ট্রেইনের চোটে পড়ে ওই ইনিংসে কোনো বোলিংই করেননি পেস বোলিং অলরাউন্ডার স্মিথ।
কুঁচকির চোটে প্রথম টেস্টে খেলতে পারেননি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। সিরিজের শেষ দুই ম্যাচেও তাকে না পাওয়ার কথা নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড।
ক্রাইস্টচার্চ টেস্টের দলেও ছিলেন ফিলিপস। কিন্তু তাকে খেলায়নি নিউ জিল্যান্ড। ওই ম্যাচে অবশ্য বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। আর কুঁচকির সমস্যা কাটিয়ে ফিরেছেন ড্যারিল মিচেল। হ্যাগলি ওভালে তিনিও বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন।
নতুন মুখ ক্লার্ক এখন পর্যন্ত ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭৯ উইকেট নিয়েছেন। ইনিংসে পাঁচ শিকার ধরেছেন চারবার। আর তিন ফিফটিতে ২৩.৫০ গড়ে করেছেন ৯২৮ রান। গত মে মাসে নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশে সফর করেছিলেন তিনি।
ওয়েলিংটন টেস্ট দিয়ে এই সংস্করণে অভিষেক হতে পারে ক্লার্ক ও রাইয়ের মধ্যে একজনের। একাদশে ফিরতে পারেন প্রথম টেস্টে রিজার্ভ হিসেবে থাকা পেসার ব্লেয়ার টিকনার।
বেসিন রিজার্ভে আগামী বুধবার শুরু দ্বিতীয় টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের নিউ জিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, উইল ইয়াং, রাচিন রাভিন্দ্রা, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল, জ্যাক ফোকস, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার, মাইকেল রাই ও ক্রিস্টিয়ান ক্লার্ক।