রান দেওয়ার প্রথম সেঞ্চুরি বুমরাহর
টেস্ট ক্রিকেটে এই প্রথম এমন তেতো অভিজ্ঞতা হলো ভারতীয় পেসারের।
ওল্ড ট্র্যাফোর্ডে নতুন এক অভিজ্ঞতা হলো জাসপ্রিত বুমরাহর। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার কোনো ইনিংসে একশ বা এর বেশি রান দিলেন ভারতীয় এই পেসার।
অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে অনির্বচনীয় অভিজ্ঞতাটি হলো বুমরাহর। ম্যাচের চতুর্থ দিন শনিবার প্রথম সেশনের এক পর্যায়ে তার পরিসংখ্যান ছিল এমন ৩৩-৫-১১২-২।
জ্যাক ক্রলি (৮৪) ও বেন ডাকেটের (৯৪) ব্যাটে দারুণ শুরু পাওয়া ইংল্যান্ড রান পাহাড় গড়ছে জো রুট ও বেন স্টোকসের সেঞ্চুরিতে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত, ১৫০ ওভারে দলটির রান ৮ উইকেটে ৬১৫। সেঞ্চুরি ছুঁয়ে দ্রুত রান তোলার পথে ছুঁটছেন অধিনায়ক স্টোকস।
দুটি উইকেট নিলেও স্বাগতিকদের রান জোয়ারে বাঁধ দিতে পারেননি বুমরাহ। বাকি বোলারদেরও অনায়াসে খেলছে ইংল্যান্ড। সফরকারীরা প্রথম ইনিংসে করেছিল ৩৫৮ রান।
২০২৪ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে ২৮.৪ ওভারে ৯৯ রানে ৪ উইকেট পেয়েছিলেন বুমরাহ। এতো দিন কোনো ইনিংসে সেটাই ছিল তার সর্বোচ্চ রান খরচ।
ইংল্যান্ডের বিপক্ষে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৮৫ রান দিয়েছিলেন তিনি। ২০১৮ সালের সফরে নটিংহ্যামে ২৯ ওভারে ৮৫ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট।
