১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টানা চার সেঞ্চুরিতে টেন্ডুলকার-আজহারউদ্দিনের পাশে সিদ্ধেশ

মুম্বাইয়ের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক মৌসুমে পাঁচটি সেঞ্চুরি করেছেন তিনি।

টানা চার সেঞ্চুরিতে টেন্ডুলকার-আজহারউদ্দিনের পাশে সিদ্ধেশ
সেঞ্চুরির পর সিদ্ধেশ লাড। ছবি: সিদ্ধেশের ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 05:22 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

সাদা পোশাকে ব্যাট হাতে ২২ গজে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন সিদ্ধেশ লাড। প্রথম শ্রেণির ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি উপহার দিয়ে চলেছেন তিনি। টানা চারটি শতকে ভারতীয় গ্রেট সাচিন টেন্ডুলকার ও মোহাম্মদ আজহারউদ্দিনের পাশে বসেছেন মুম্বাইয়ের এই ব্যাটসম্যান।

এবারের রাঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে চলমান ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রান করেন সিদ্ধেশ। পাঁচে নেমে ১৮৫ বলের ইনিংসটি সাজান তিনি ১২ চারে।

রাঞ্জি ট্রফি পুনরায় শুরু হওয়ার পর গত ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ১০৪ রান করেন সিদ্ধেশ। বিরতির আগের দুই ম্যাচেও শতকের স্বাদ পান তিনি। গত নভেম্বরে হিমাচলের বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলার পর পুডুচেরি ম্যাচে করেন ১৭০ রান।

সিদ্ধেশের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টানা চার ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন আরও ১৩ জন। যে তালিকায় আছেন টেন্ডুলকার, আজহারউদ্দিন, ভিজায় মার্চেন্টরা।

২০০৭-০৮ মৌসুমে টানা পাঁচটি সেঞ্চুরি করে রেকর্ডটি পার্থিব প্যাটেলের। এই সংস্করণে টানা সবচেয়ে বেশি ম্যাচে শতকের বিশ্ব রেকর্ড তিনজনের। ১৯০১ সালে সিবি ফ্রাই, ১৯৩৮-৩৯ মৌসুমে ডন ব্র্যাডম্যান ও ১৯৭০-৭১ মৌসুমে মাইক প্রক্টার টানা ছয়টি সেঞ্চুরি করেছিলেন।

চলতি রাঞ্জি ট্রফিতে এটি সিদ্ধেশের পঞ্চম সেঞ্চুরি। রুসি মোদি ও টেন্ডুলকারের পর এক মৌসুমে পাঁচটি সেঞ্চুরি করলেন মুম্বাইয়ের কোনো ব্যাটসম্যান।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮১ ম্যাচে এটি সিদ্ধেশের ১৫তম সেঞ্চুরি। ৩৩ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যানের নামের পাশে আছে ৩০টি ফিফটি। এই সংস্করণে সাড়ে পাঁচ হাজারের বেশি রান করেছেন তিনি।