আফগানিস্তান ম্যাচ বয়কটের ডাক এবার দ. আফ্রিকার ক্রীড়া মন্ত্রীর
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জনের ডাক আরও বাড়ল।
ব্রিটিশ রাজনীতিবিদদের সঙ্গে সুর মিলিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএ) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
২০২১ সালের অগাস্টে তালেবানরা ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে দেশটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ বয়কটের জন্য এই সপ্তাহে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ রাজনীতিবিদদের একটি দল।
আগামী মাসে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ও আফগানিস্তানের গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকাও। আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিযান শুরু করার কথা দক্ষিণ আফ্রিকার।
ওই ম্যাচ বর্জনের জন্য সিএর প্রতি অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যাকেঞ্জি বলেন, বর্তমান সময়ে নারীদের ভিন্ন চোখে দেখা মোটেও গ্রহণযোগ্য নয়।
“ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, অন্যান্য দেশের বোর্ড এবং আইসিসি ক্রিকেট বিশ্বকে, বিশেষ করে ক্রীড়াঙ্গনের নারীদের কাছে কী বার্তা পাঠাতে চায়, তা সাবধানতার সাথে ভাবতে হবে। আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেট ম্যাচ দক্ষিণ আফ্রিকা খেলবে কি-না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ক্রীড়া মন্ত্রী হিসেবে আমার কাজ নয়। যদি এটা আমার সিদ্ধান্ত হতো, তাহলে অবশ্যই ম্যাচটি হতো না।”
“একজন পুরুষ হিসেবে, আমি এমন একটি জাতির মানুষ, যারা বর্ণবাদের সময় সমানভাবে খেলার সুযোগ পেত না। আজ যখন বিশ্বের যেকোনো জায়গায় নারীদের প্রতি সমান আচরণ করা হচ্ছে, তখন তাদের অন্যভাবে দেখাটা ভণ্ডামি এবং অনৈতিক।”
আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার আহ্বান জানিয়ে ইসিবির কাছে চিঠি লিখেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টোনিয়া অ্যান্টোনিয়াজি। ওই চিঠিতে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৬০ জনের বেশি সদস্য।
যদিও সেই দাবি প্রত্যাখ্যান করে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেছেন, এই বিষয়ে তাদের এককভাবে কোনো পদক্ষেপ নেওয়ার চেয়ে আইসিসির নেতৃত্বে সম্মিলিতভাবে কিছু করা উচিত।
রয়টার্সের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অবশ্য কোনো মন্তব্য করেনি।
লাহোরে ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আছে অস্ট্রেলিয়ারও।
তালেবান শাসনে আফগানিস্তানে নারীদের মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত অবনতির কারণ দেখিয়ে একাধিকবার আফগানদের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির বিপক্ষে খেলেছে তারা।
আফগানিস্তান প্রসঙ্গে অস্ট্রেলিয়ার এই দ্বিমুখী নীতিকে ‘ভণ্ডামি’ বলে উল্লেখ করেন কেউ কেউ। এর জবাবে গত মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেন, যে অবস্থান তারা নিয়েছেন, তাতে তিনি ‘খুব গর্বিত।’
