২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমি-ফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত

ভারত নিজেদের সরিয়ে নেওয়ায় ফাইনালে খেলবে পাকিস্তান।

সেমি-ফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত
ভারতের সুরেশ রায়না (বাঁয়ে) ও পাকিস্তানের শাহিদ আফ্রিদি। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 08:26 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) ভারত ও পাকিস্তানের সেমি-ফাইনাল হচ্ছে না। প্রতিবেশী দেশটির সঙ্গে রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত চ্যাম্পিয়ন্স।

ডব্লিউসিএল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বুধবারের প্রতিবেদনে লিখেছে, এই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত। 

ইউভরাজ সিং, সুরেশ রায়না, হারভাজান সিং, পীযুষ চাওলা, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পার মতো সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া ভারতীয় দল গত ২০ জুলাই পাকিস্তানের বিপক্ষে প্রাথমিক পর্বের ম্যাচ খেলতেও অস্বীকৃতি জানিয়েছিল।

তখন দুই দলকে ভাগ করে দেওয়া হয়েছিল এক পয়েন্ট করে। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে সেমি-ফাইনালে ওঠে পাকিস্তান। ৩ পয়েন্ট নিয়ে ছয় দলের আসরে চতুর্থ হয়ে শেষ চারে জায়গা করে নেয় ভারত।  

এজবাস্টনে বৃহস্পতিবার হওয়ার কথা ছিল এই দুই দলের সেমি-ফাইনাল। ভারত নিজেদের সরিয়ে নেওয়ায় ফাইনালে খেলবে পাকিস্তান। শিরোপা লড়াইয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা।

এক যুগেরও বেশি সময় ধরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে না ভারত। আইসিসি ও এসিসির টুর্নামেন্টে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয় তারা। গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়। দুই দেশ তখন যুদ্ধেও জড়ায়।

এরপর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও পাকিস্তানের একে অপরের দেখা হয়নি। আগামী ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে ছেলেদের এশিয়া কাপে মুখোমুখি হওয়ার কথা আছে এই দুই দলের। এছাড়া তাদের নারী দল ৬ অক্টোবর কলম্বোতে মুখোমুখি হবে ওয়ানডে বিশ্বকাপে।