২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবেগ-উচ্ছ্বাসের জোয়ারে অধিনায়কদের হাতে ‘ক্যাপ্টেনস কার্ড’

অনুষ্ঠানের শেষ দিকে ছবি তোলার জন্য  সবাই যখন মঞ্চে একসঙ্গে উঠলেন, সেটিও জন্ম দিল অনন্য এক মুহূর্তের। এত অধিনায়ককে একসঙ্গে আর কবে দেখেছে বাংলাদেশের ক্রিকেট!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 10:34 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ধরে আসা গলায় ঠিকমতো কথাই বলতে পারছিলেন না খালেদ মাহমুদ। কান্নার দমক সামলে সাবেক এই অধিনায়ক কোনোরকমে বললেন, “যে সম্মান ও ভালোবাসা তামিম আমাদেরকে দেখাল… আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি…রক্ত ও ঘাম ঝরিয়ে আমরা চেষ্টা করেছি… কেউ পেরেছি, কেউ পারিনি…এখন আমরা গর্ব করতেই পারি….।”

খালেদ মাহমুদের এই আবেগ ও গর্ব ‘ক্যাপ্টেনস কার্ড’ হাতে পেয়ে। অনুভূতিগুলো প্রায় একইরকম ছিল অন্য অধিনায়কদেরও। হাসি, উচ্ছ্বাস, আনন্দের মিশেল ছিল যেন গোটা আবহে। অনুষ্ঠানের শেষ দিকে ছবি তোলার জন্য সবাই যখন মঞ্চে একসঙ্গে উঠলেন, সেটিও জন্ম দিল অনন্য এক মুহূর্তের। এত অধিনায়ককে একসঙ্গে আর কবে দেখেছে বাংলাদেশের ক্রিকেট! দেশের ক্রিকেট ইতিহাসেই স্মরণীয় এক উপলক্ষের জন্ম হলো যেন।

বিসিবির উদ্যোগে ‘ক্যাপ্টেনস কার্ড’ হস্তান্তরের ছোট্ট ও আন্তরিক এই আয়োজনটি ছিল বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হোটেলে। পুরুষ ও নারী ক্রিকেটে বর্তমান ও সাবেক মিলিয়ে ৩৩ জন সাবেক অধিনায়কের জন্য ছিল এই কার্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ অধিনায়ক। 

তাদের হাতে কার্ড তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম, ফাহিম সিনহা ও ইব্রাহিম আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে এই কার্ডের উপযোগীতা তুলে ধরলেন বিসিবি সভাপতি তামিম।

“আজকে থেকে আজীবন এই কার্ডটা হলো আপনাদের পরিচয়। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা হবে, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজ, বিপিএল, ঘরোয়া সব ক্রিকেট, এটিই আপনাদের পাস। আমি কোনোদিন দেখতে চাই না যে আমাদের কোনো অধিনায়ক একটি টিকেট নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে বা আমাদের কোনো অধিনায়ক বিসিবিকে ফোন করবে, ‘আমার টিকেট কোথায়?’ আমি এরকম কিছু শুনতে চাই না।” 

“বাংলাদেশের ক্রিকেটে আপনারা যা করেছেন, ওটার জন্য কোনো টিকেট হতে পারে না। এটার জন্য আমরা ছোট্ট এই সম্মানটুকুই দিতে পারি। পাশাপাশি আরও অনেক কিছু আছে। খুব ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার- কার পার্কিং। আমাদের হেঁটে হেঁটে আসতে হয়, অনেক অধিনায়ককে দেখেছি যে তারা রাস্তার মাঝখান থেকে হেঁটে হেঁটে ধাক্কা খেয়ে গেট দিয়ে ঢুকছে। এটা হতে পারে না। মিরপুর স্টেডিয়ামের সীমানার ভেতরে যে জায়গায় আমরা বলি যে ভিভিআইপি, আমাদের জন্য আপনাদের চেয়ে বড় ভিভিআইপি আর কেউ না। আপনারা সেই অগ্রাধিকার পাবেন।”

এছাড়া যে অধিনায়করা অবসর নিয়েছেন এবং এখনও খেলা চালিয়ে যাওয়া যারা অবসর নেবেন, তখনই বিসিবির ‘হেলথ ইন্সুরেন্স’ পাবেন তারা এই কার্ডের আওতায়। এছাড়া সপ্তাহের প্রতিটি দিন ২৪ ঘণ্টার যে কোনো সময় বিসিবির মেডিকেল টিমের সহায়তা নিতে পারবেন তারা। এমনকি বিদেশের কোনো হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে যে কোনো পরামর্শ তারা পাবেন বিসিবি থেকে।

বিসিবি সভাপতি জানান, বিসিবির সমৃদ্ধি যত বাড়বে, এই কার্ডের সুযোগ সুবিধাও বাড়তে থাকবে।

অধিনায়কেরা ছাড়াও বর্তমান-সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের নিয়ে আয়োজনটি মিলনমেলায় রূপ নিয়েছিল অনেকটা। হাসি-আড্ডায় ফুরফুরে সময় কাটিয়েছেন সবাই।

তবে অপূর্ণতা ছিল সাবেক অধিনায়কদের সবাইকে না পাওয়ায়। বিশেষ করে দেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান, সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের অনুপস্থিততে কিছুটা হলেও রঙ হারিয়েছে আয়োজন। যদিও নানা বাস্তবতার কারণেই তারা থাকতে পারেননি।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নাঈমুর জেলে আছেন গত জুলাই থেকে। সভাপতি তামিম জানালেন, নাঈমুরের স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে তার। আওয়ামী লীগের দুইবারের সাংসদ ও সবশেষ জাতীয় সংসদের হুইপ মাশরাফি লোকচক্ষুর আড়ালে আছেন সরকার পতনের পর থেকেই। ওই সংসদেরই সাংসদ সাকিব আছেন দেশের বাইরে। তামিম জানালেন, মাশরাফি-সাকিবের সঙ্গেও কথা বলে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বিসিবির বিদায়ী সভাপতি আমিনুল, নির্বাচনে অনিয়মের অভিযোগে যার নেতৃত্বের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তামিম। সেই অভিজ্ঞতা হাসতে হাসতে শোনালেন বিসিবি প্রধান।

“আমি বুলবুল ভাইকে কল করেছি, উনাকে মেসেজ পাঠিয়েছি। তারপর বুঝতে পারলাম যে, আমিও ব্লক লিস্টে! দ্যাটস ফাইন…বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদান প্রচুর। আমাদের প্রথম বিশ্বকাপ অধিনায়ক, প্রথম (টেস্ট) সেঞ্চুরিয়ান। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, দুর্ভাগ্যজনকভাবে পারিনি। সবার সঙ্গেই যোগাযোগ করেছি।”

দেশের প্রথম অধিনায়ক শামীম কবির প্রয়াত হয়েছেন। তার পরের তিন অধিনায়ক রকিবুল হাসান, শফিকুল হক হীরা ও গাজী আশরাফ হোসেন, দেশের প্রথম আন্তর্জাতিক অধিনায়ক যিনি, তারা ছিলেন এই আয়োজনে।

তবে উপস্থিত ছিলেন না ফারুক আহমেদ, দেশের বাইরে থাকায় এখানে থাকতে পারেননি খালেদ মাসুদ। 

নারী অধিনায়ক ছয়জনের মধ্যে উপস্থিত ছিলেন কেবল রুমানা আহমেদ। উপস্থিত ছিলেন না তাজকিয়া আক্তার, ব্যস্ততার কারণে থাকতে পারেননি এখনকার নারী দলের নির্বাচক সালমা খাতুন। জাহানারা আলম আছেন এখন অস্ট্রেলিয়ায়, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য রাজশাহীতে আছেন নিগার সুলতানা ও ফাহিমা খাতুন।

নানা কারণে যারা থাকতে পারেননি, তারা যে কোনো সময়ে বিসিবি থেকে কার্ড নিতে পারবেন বলে জানিয়ে রাখলেন তামিম।

“কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনাদের সুযোগ হয়, কার্ড গ্রহণ করতে পারেন আমাদের থেকে। আপনাদের সবার জন্য বিসিবিতে এটা থাকবে। বাংলাদেশের ক্রিকেটে আপনাদের অবদান অনেক। এখানে আমি রাজনীতির কথা বলতে চাই না। ক্রিকেট বোর্ডে সম্প্রতি যা হয়েছে, সেসব বলতে চাই না। আমরা সবাই ক্রিকেটার এবং প্রত্যেককেই আমি সম্মান করি।”

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কেরা:

পুরুষ:

শামীম কবির (১৯৭৭), এএসএম রকিবুল হাসান (১৯৭৯), শফিকুল হক হীরা (১৯৮২), গাজী আশরাফ হোসেন (১৯৮৬), মিনহাজুল আবেদীন (১৯৯০), ফারুক আহমেদ (১৯৯৪), আকরাম খান (১৯৯৫), আমিনুল ইসলাম (১৯৯৮), নাঈমুর রহমান (২০০০), খালেদ মাসুদ (২০০১), খালেদ মাহমুদ (২০০৩), হাবিবুল বাশার (২০০৪), রাজিন সালেহ আলম (২০০৪), শাহরিয়ার নাফীস (২০০৬), মোহাম্মদ আশরাফুল (২০০৭), মাশরাফি বিন মুর্তজা (২০০৯), সাকিব আল হাসান (২০০৯), মুশফিকুর রহিম (২০১১), তামিম ইকবাল (২০১৭), মাহমুদউল্লাহ (২০১৮), মুমিনুল হক (২০১৯), লিটন কুমার দাস (২০২১), নুরুল হাসান সোহান (২০২২), মোসাদ্দেক হোসেন (২০০২), নাজমুল হোসেন শান্ত (২০২৩), মেহেদী হাসান মিরাজ (২০২৪), জাকের আলি (২০২৫) ।

নারী:

তাজকিয়া আক্তার (২০০৭), সালমা খাতুন (২০১১), জাহানারা আলম (২০১৪), রুমানা আহমেদ (২০১৬), নিগার সুলতানা (২০২১), ফাহিমা খাতুন (২০২১)