২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় পরাজয়ের পর রাশিদ বললেন, ‘সমস্যা নেই’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় হার নিয়ে খুব একটা দুর্ভাবনার কিছু দেখেন না আফগানিস্তান অধিনায়ক।

বড় পরাজয়ের পর রাশিদ বললেন, ‘সমস্যা নেই’
সুপার এইট নিশ্চিত হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতরানের হারকে বড় করে দেখছেন না আফগানিস্তান অধিনায়ক রাশিদ খান। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 11:39 AM

Updated : 26 Aug 2026, 09:48 AM

উড়তে থাকা আফগানিস্তানকে মাটিতে নামিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইট শুরুর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে বড় ব্যবধানে হেরেছে আফগানরা। তবে টুর্নামেন্টের সামনের দিকে এই পরাজয়ের তেমন প্রভাব পড়বে না মনে করছেন অধিনায়ক রাশিদ খান।

সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে আফগানিস্তানকে ১০৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় ব্যবধানে আফগানিস্তানের পরাজয় আছে একটি। সেটিও প্রায় এক যুগ আগে, ইংল্যান্ডের বিপক্ষে ১১৬ রানে। 

অথচ আগের তিন ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি আফগানিস্তান। শক্তিশালী নিউ জিল্যান্ডকে মাত্র ৭৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৮৪ রানের জয় পায় তারা। উগান্ডা ও পাপুয়া নিউ গিনির ব্যাটসম্যানরা তো দাঁড়াতেই পারেনি আফগান বোলারদের সামনে। 

একই বোলারদের তুলাধুনা করেন নিকোলাস পুরান, জনসন চার্লসরা। চার-ছক্কার ফুলঝুরিতে চলতি আসরে সর্বোচ্চ ২১৮ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। পরে দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দেয় তারা। 

দারুণ পারফরম্যান্সে সুপার এইট নিশ্চিতের পর এই জয় তাই আফগানদের জন্য বড় ধাক্কা বলা চলে। তবে দলের অধিনায়ক রাশিদের ভাবনা ভিন্ন। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানালেন, সামনের দিনগুলোর চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেবেন তারা। 

“বড় পরাজয়ে আফগানিস্তানের সমস্যা হবে কিনা? আমার মনে হয় না। আমরা যেটা চেয়েছিলাম, সুপার এইটে উঠতে পেরেছি। সামনে ভিন্ন ধরনের পিচ আসছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারব।”

“আমাদের জন্য ভালো হয়েছে যেই এই পর্যায়ে হারটা এসেছে, কোনো বাঁচা-মরার লড়াইয়ে নয়। এই ম্যাচ থেকে ফিল্ডিং, মাঝের ওভারের বোলিং, নুর আহমেদের স্পেলের মতো ইতিবাচক বিষয়গুলো নেব।”

সুপার এইটে আফগানিস্তানের প্রথম ম্যাচ বৃহস্পতিবার, ভারতের বিপক্ষে।