বেঙ্গালুরুতে নয়, আইপিএল ফাইনাল আহমেদাবাদে
এবারের আইপিএলের প্লে-অফের ম্যাচগুলো দুটি ভেন্যুর বদলে তিনটিতে হবে।
সাধারণত আগের আসরের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠে অনুষ্ঠিত হয় আইপিএল ফাইনাল। কিন্তু এবার সেখানে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বেঙ্গালুরুর বদলে আহমেদাবাদে হবে চলতি আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ।
আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথা অনুযায়ী তাই, বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল এবারের ফাইনাল। কিন্তু বিসিসিআই বুধবার বিবৃতি দিয়ে বিশেষ এক কারণে ভেন্যু পরিবর্তনের কথা জানিয়েছে।
এদিনই আইপিএলের প্লে-অফের ম্যাচগুলোর সূচি ঘোষণা করে বিসিসিআই। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। এর আগে ধারামশালায় ২৬ মে মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার। ২৭ মে এলিমিনেটর ও ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে নিউ চান্ডিগাড়ে।
২০২৫ আইপিএল ফাইনালের ভেন্যুও পরিবর্তন করা হয়েছিল। সেবার কলকাতায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও, পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের শঙ্কায় পরে সেটা সরিয়ে নেওয়া হয় আহমেদাবাদে।
গত আইপিএলে প্লে-অফের ম্যাচগুলো হয়েছিল দুটি ভেন্যুতে; নিউ চান্ডিগাড় ও আহমেদাবাদে। এবার সেখানেও এসেছে বদল। এবার চারটি প্লে-অফ হবে তিনটি ভেন্যুতে।
এবারের সূচিতে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে। সাধারণত, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল একই ভেন্যুতে হয়, কিন্তু এবার ফাইনাল হবে ভিন্ন ভেন্যুতে। তাই দুই দলকেই শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নতুন শহরে ভ্রমণ করতে হবে।
চলতি আসরে দুর্দান্ত খেলছে গত আসরের রানার্সআপ পাঞ্জাব কিংস। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। পরের চারটি স্থানে যথাক্রমে বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। এই চার দলের পয়েন্ট সমান ১২ করে। ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেন্নাই সুপার কিংস।
