টি-টোয়েন্টি বিশ্বকাপ
Published : 31 Jan 2026, 09:40 PM
চোটের থাবায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ডেভিড মিলারের খেলা ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। তবে তাকে নিয়ে শঙ্কার সেই কালো মেঘ সরে গেছে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে বৈশ্বিক আসরে খেলার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি খেলার সময় কুঁচকিতে চোট পান মিলার। তাতে প্লে-অফে দলের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি পার্ল রয়্যালসের অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।
নিজের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন ৩৬ বছর বয়সী মিলার। দেশের হয়ে এখন পর্যন্ত ১৩৩ টি-টোয়েন্টি খেলে ২ হাজার ৬৩০ রান করেছেন তিনি ১৪০.৫৬ স্ট্রাইক রেটে। তার নামের পাশে দুটি সেঞ্চুরির সঙ্গে আছে আটটি ফিফটি।
চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার টনি ডি জর্জি ও ডনোভান ফেরেইরা। এই তাদের জায়গায় রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবসকে দলে যোগ করেছে গত আসরের রানার্স আপরা।
রোববার মুম্বাইয়ের উদ্দেশে জোহানেসবার্গ ছাড়বে দক্ষিণ আফ্রিকা দল। বুধবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
আগামী ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক আসরের অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ আফগানিস্তান, নিউ জিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।