Published : 24 Mar 2026, 08:08 PM
‘নৈতিক অস্বস্তি’ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আয়োজন করলেও, খেলার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ক্রিকেটারদের দিয়েছে আয়ারল্যান্ড। আইরিশ ক্রিকেটের হাই পারফরম্যান্স পরিচালক গ্রায়েম ওয়েস্ট জানিয়েছেন, চাইলে সিরিজটি থেকে নিজেদের সরিয়ে নিতে পারবেন তাদের ক্রিকেটাররা।
আগামী অগাস্টে আফগানদের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এই সিরিজটি নিয়ে আইরিশ ক্রিকেটে চলছে আলোচনা।
আফগানিস্তানের সঙ্গে দেশের মাঠে খেলার সিদ্ধান্ত নেওয়ার জন্য আলাদা সভা করে ক্রিকেট আয়ারল্যান্ড। অস্বস্তি থাকলেও ৯০ মিনিটের সেই সভায় আফগানদের সঙ্গে খেলার সিদ্ধান্ত নেয় তারা।
এমন অস্বস্তির কারণ, সেখানকার থমকে থাকা নারী ক্রিকেট। আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার শর্তগুলোর একটি ছেলে ও মেয়ে, দুটিই দলই থাকতে হবে এবং এই শর্ত পূরণ করার কথা দিয়েই ২০১৭ সালে টেস্ট মর্যাদা পেয়েছিল আফগানিস্তান। সেই সময়ের আফগান সরকার ধীরে ধীরে প্রক্রিয়া শুরু করেছিল, মেয়েরা টুকটাক ক্রিকেট খেলছিলেন।
২০২০ সালে প্রথমবারের মতো ২৫ নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছিল এবং ওমানে প্রথম সফর নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সবকিছু ভেস্তে যায় পরের বছরই। তালেবানরা ক্ষমতায় ফেরার পর ক্রমে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, পুরুষ ডাক্তারের কাছে যাওয়া নিষিদ্ধ হয়, এমনকি প্রকাশ্যে মেয়েদের কণ্ঠই শোনা যায় না সেখানে। ক্রিকেট খেলা তো এখন রূপকথার মতো ব্যাপার।
নারী ক্রিকেট বন্ধ করে দেওয়ায় নৈতিক অবস্থান থেকে আফগানিস্তানের সঙ্গে ঘরের মাঠে সিরিজ বাতিল করে দেয় অস্ট্রেলিয়া। আফগানদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ইংল্যান্ডও।
আফগানিস্তানের বিপক্ষে খেলতে যদি কোনো ক্রিকেটার অস্বীকৃতি জানায়, তবে আইরিশ বোর্ড সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে কি না—এমন প্রশ্নের জবাবে ওয়েস্ট বলেন, “আমার মনে হয়, সেটা করতেই হবে। ক্রিকেটারদের মতামত জানার জন্য আমরা পুরুষ ও নারী উভয় দলের সঙ্গেই কথা বলেছি।”
“প্রত্যাশিতভাবেই কিছু উদ্বেগ রয়েছে। তবে আমরা যখন বোর্ডের সঙ্গে একই ধরনের আলোচনা করেছি এবং সব দিক বিবেচনা করেছি, তখন একটি পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে।”