নোমান ও জাহিদকে ছেড়ে দিল পাকিস্তান
দীর্ঘদিন পর দলে ফেরা এই দুই ক্রিকেটারের জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার অপেক্ষা আরও বাড়ল।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাঁহাতি স্পিনার নোমান আলি ও লেগ স্পিনার জাহিদ মাহমুদকে ছেড়ে দিল পাকিস্তান। দীর্ঘদিন পর দলে জায়গা পাওয়া এই দুই ক্রিকেটারের দেশের হয়ে খেলার জন্য অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের টিম ম্যানেজার।
তিন ম্যাচ সিরিজের কেবল প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথমে ঘোষিত ১৫ জনের দলে ছিলেন নোমান। একদিন পর জাহিদকেও দলে যোগ করে স্বাগতিকরা।
এখন পর্যন্ত ক্যারিয়ারে কেবল দুটি টেস্ট খেলেন জাহিদ। ২০২২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ওই দুই টেস্টের চার ইনিংসে মোট ১২ উইকেট নেন তিনি। এরপর আর সুযোগ আসেনি দেশের প্রতিনিধিত্ব করার।
নোমান ১৫ টেস্টের সবশেষটি খেলেন তিনি ২০২৩ সালের জুলাইয়ে, কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে চোট পেয়ে ছিটকে পড়ার পর বাংলাদেশ সিরিজের দলেও ছিলেন না ৩৮ বছর বয়সী ক্রিকেটার।
এক বছরের বেশি সময় পর দলে ফেরা নোমানকে শেষ পর্যন্ত মুলতান টেস্টের একাদশে রাখেনি পাকিস্তান। এবার তাকে দল থেকেই ছেড়ে দেওয়া হলো।
প্রথম টেস্টে কনকাশন সাব হিসেবে বিবেচনার জন্য পাকিস্তানের এখন আছে কেবল তিনজন খেলোয়াড়-মোহাম্মদ হুরাইরা, সারফারাজ আহমেদ ও মির হামজা।
