১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব ছাড়লেন পিটারসেন

পদত্যাগ করার কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে খোলাসা করেছেন ইংলিশ ব্যাটিং গ্রেট।

দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব ছাড়লেন পিটারসেন
আকসার প্যাটেলের সঙ্গে কেভিন পিটারসেন (বাঁয়ে)। ছবি: বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 09:28 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে দেখা যাবে না কেভিন পিটারসেনকে। ফ্র্যাঞ্চাইজিটির মেন্টরের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইংলিশ ব্যাটিং গ্রেট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ হিন্দিতে নিজের সিদ্ধান্তের কথা জানান পিটারসেন। সেখানে তিনি তুলে ধরেন পদত্যাগ করার পেছনের কারণ।

“এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে থাকতে পারছি না। এই কাজের জন্য যে সময় দেওয়া প্রয়োজন, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এবারের মৌসুমের জন্য সব ক্রিকেটারকে জানাই শুভকামনা। তবে, ধারাভাষ্যকক্ষ থেকে তোমাদের দেখব। আইপিএল বিশ্বের সেরা লিগ এবং খুব শিগগিরই সবাইকে দেখতে মুখিয়ে আছি।”

২০২৫ আইপিএল মৌসুমের আগে পিটারসেনকে মেন্টর হিসেবে নিয়োগ দেয় দিল্লি। দলটির ক্রিকেট পরিচালক ভেনুগোপাল রাও, প্রধান কোচ হেমাং বাদানি, সহকারী কোচ ম্যাথু মট ও বোলিং কোচ মুনাফ প্যাটেলের সঙ্গে কাজ করেন তিনি।

গত আইপিএলের মাঝপথে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে মালদ্বীপে গিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন পিটারসেন। দিল্লির ভারতীয় কিপার-ব্যাটসম্যান লোকেশ রাহুল ‘মেন্টরের দায়িত্ব’ নিয়ে তাকে খোঁচাও দিয়েছিলেন।

১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে গত আইপিএল শেষ করে দিল্লি।

আগামী ২৮ মার্চ শুরু এবারের আইপিএল। ১ এপ্রিল লাক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দিল্লির অভিযান।