এশিয়া কাপ
Published : 27 Sep 2025, 04:03 PM
ইনিংসের প্রথম ওভারটা করেই মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। মাঝপথে ড্রেসিং রুমে ফিরে যান আভিশেক শার্মাও। তখন থেকে তাদের ফিটনেস নিয়ে উঁকি দিতে শুরু করে নানা জল্পনা-কল্পনা। ম্যাচে শেষে দুই ক্রিকেটারের অবস্থা পরিষ্কার করেন ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার রুদ্ধশ্বাস ম্যাচের পর ভারতের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন মর্কেল। তখন আভিশেক ও পান্ডিয়ার ফিটনেস নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। ভারতের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে নিয়ে সবার সব সংশয় দূর করেন দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার।
“হার্দিকের ক্র্যাম্প হয়েছে, আজ (শুক্রবার) রাতে ও আগামীকাল সকালে তার অবস্থা মূল্যায়ন করা হবে। এরপর আমরা তাকে নিয়ে সিদ্ধান্ত নেব। আর আভিশেক ঠিক আছে।”
পাকিস্তানের বিপক্ষে ফাইনালে আভিশেককে পাওয়ার বিষয়টি একরকম নিশ্চিত করেছেন মর্কেল। তবে অলরাউন্ডার পান্ডিয়াকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েই গেছে।
শ্রীলঙ্কার রান তাড়ার ইনিংসে প্রথম ওভার করে ৭ রান দিয়ে কুসাল মেন্ডিসের উইকেট নেন পান্ডিয়া। এরপর পায়ে চেপে ধরে মাঠ ছেড়ে যান তিনি। ম্যাচের বাকি অংশে আর মাঠে নামেননি।
লঙ্কানদের ইনিংসের নবম ওভারে পায়ে অস্বস্তিবোধ করতে দেখা যায় আভিশেককে। পরের ওভারে মাঠ ছেড়ে চলে যান তিনি। বাঁহাতি এই ওপেনারও ম্যাচের বাকি অংশে ছিলেন মাঠের বাইরে।
সুপার ফোরের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন ছন্দে থাকা আভিশেক। ২ ছক্কা ও ৮ চারে ৩১ বলে ৬১ রানের খুনে ইনিংস খেলেন তিনি। সঙ্গে তিলাক ভার্মার অপরাজিত ৪৯ ও সাঞ্জু স্যামসনের ৩৯ রানের সৌজন্যে ২০২ রান তোলে ভারত। জবাব দিতে নেমে পাথুম নিসাঙ্কার সেঞ্চুরিতে (৫৮ বলে ১০৭) ঠিক ২০২ রান করে শ্রীলঙ্কা।
‘টাই’ হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে শ্রীলঙ্কার ২ রান প্রথম বলেই পেরিয়ে যায় ভারত।
দুবাইয়ে আগামী রোববার এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ।