২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে যাবে না বাংলাদেশ: বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসছেন আইসিসি প্রধান

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই সমস্যার সমাধান বের করা মোটেও সহজ হবে না জয় শাহর জন্য।

ভারতে যাবে না বাংলাদেশ: বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসছেন আইসিসি প্রধান
আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 10:37 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশের না যাওয়ার সিদ্ধান্তে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তার সমাধান খুঁজতে রোববার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ভাদোদারায় ভারত ও নিউ জিল্যান্ডের প্রথম ওয়ানডের ফাঁকে হবে এই বৈঠক।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে বাংলাদেশের পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। গত শনিবার তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা নাইট রাইডার্স।

পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা। 

এনডিটিভির শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসিকে দেওয়া প্রথম চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে অনুরোধ জানায় বিসিবি। শ্রীলঙ্কাকে সম্ভাব্য বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়। কিন্তু বিসিবির দ্বিতীয় চিঠি পরিস্থিতিকে পুরোপুরি ভিন্ন মাত্রায় নিয়ে গেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, পরের চিঠিতে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিষয়টি আর শুধু লজিস্টিকস নয়। বিসিবি জাতীয় সম্মানে আঘাত লাগার কথা বলেছে, যা মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনাকে ঘিরে ক্ষোভের সঙ্গে যুক্ত। তাই যদি ভারতে যাওয়া এড়ানো না যায়, তাহলে বাংলাদেশের বিশ্বকাপ দলের প্রতিটি সদস্যের জন্য ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিসিবি। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা সবাই এর অন্তর্ভুক্ত। 

এখন সেই চ্যালেঞ্জ জয় শাহর সামনে। আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে বিসিবিকে দ্বিতীয় চিঠির কোনো জবাব দেয়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জয় শাহর প্রথম কাজ হবে বিসিসিআই ও আইসিসির অপারেশন টিমের সঙ্গে বসে টুর্নামেন্টের বর্তমান নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা। অর্থাৎ বাংলাদেশ কোথায় নিজেদের উপেক্ষিত মনে করছে বা কেন আশ্বাসগুলো তাদের কাছে যথেষ্ট মনে হয়নি, সেসব জায়গা চিহ্নিত করা। 

সবচেয়ে কঠিন কাজ হবে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে এমন একটি পরিকল্পনা তৈরি করা, যা তারা কোনোরকম চাপ ছাড়াই মেনে নিতে পারে। সমাধান এমন হতে হবে যাতে বাংলাদেশ নিজের অবস্থান ধরে রাখতে পারে, সেটা হোক নিরাপত্তার নিশ্চয়তা, পরিষ্কার যোগাযোগ কিংবা ম্যাচ আয়োজনের কিছু নমনীয়তা। আবার বিশ্বকাপের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, সেটাও লক্ষ্যে রাখতে হবে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই সমীকরণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া যাবে না। তারা যোগ্যতা অর্জন করেই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে, আর তাদের বাদ দিলে আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি হবে। এমন সিদ্ধান্তের জন্য আইসিসি বোর্ডে ভোট লাগবে এবং এতে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। ভবিষ্যতের টুর্নামেন্টগুলোর জন্যও এটি বিপজ্জনক উদাহরণ হয়ে থাকবে।

এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন। তিনি প্রকাশ্যে বর্তমান পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং ভারতে খেলতে যাওয়াকে জাতীয় সম্মানে আঘাত হিসেবে তুলে ধরেছেন।

সব মিলিয়ে এখন কঠিন এক পরীক্ষার সামনে জয় শাহ, যিনি শুধু আইসিসির চেয়ারম্যানই নন, ভারতীয় বোর্ডের সাবেক সচিব ও দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। তবে এখন তাকে ভারতীয় ক্রিকেটের প্রতিনিধি নয়, বরং বিশ্ব ক্রিকেটের নিরপেক্ষ প্রসাশক হিসেবে কাজ করতে হবে, যাতে তিনি উত্তেজনা কমাতে এবং আস্থা ফিরিয়ে আনতে পারেন।

বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।

গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটিও কলকাতায়, শেষটি নেপালের বিপক্ষে মুম্বাইয়ে।