Published : 28 Mar 2026, 06:59 PM
মুখে বলের আঘাতের পর অস্ত্রোপচার করানো বেন স্টোকস এখনও সেরে উঠতে পারেননি। তাই পূর্বপরিকল্পনা অনুযায়ী এখনই মাঠে ফেরা হচ্ছে না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ও তারকা অলরাউন্ডারের।
গত ফেব্রুয়ারির শুরুতে ডারহামের একাডেমির ক্রিকেটারদের সঙ্গে নেটে অনুশীলনের সময় বল এসে স্টোকসের মুখে আঘাত করে। তার ডান গাল কেটে যায়, চোটের নিচে ফুলে কালচে হয়ে যায়। নাক দিয়েও রক্ত ঝরে।
ওই দুর্ঘটনায় ‘চিকবোন’ ভেঙে গেলে সপ্তাহখানেক পরই শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হয় ৩৪ বছর বয়সী স্টোকসকে। এখন তিনি সেরে ওঠার পথে আছেন।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-তে শুক্রবার কেন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ডারহাম। এই ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল স্টোকসের। কিন্তু এখন আর ফেরা হচ্ছে না তার।
ডারহামের কোচ রায়ান ক্যাম্পবেল বলেন, স্টোকসের ফেরার ব্যাপারে বিশেষজ্ঞদের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তারা। দলের পরের তিন ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা দেখছেন না ক্যাম্পবেল। আগামী ৮ মে উস্টারশায়ারের বিপক্ষে স্টোকসকে পাওয়ার আশা করছে দলটি।
“ওই দুর্ঘটনায় আরও ভয়াবহ কিছু হতে পারত। ভাবনার চেয়ে আরও খারাপ কিছু হতে পারত।”
“কয়েক সেন্টিমিটার এদিক-সেদিক হয়ে যদি সরাসরি চোখে লাগত, তবে পরিস্থিতি অন্যরকম হতে পারত। বলটি খুব জোরে আঘাত করেছিল। আমরা ভাগ্যবান যে বড় কোনো বিপদ হয়নি।”
পেশাদার ক্রিকেটে স্টোকস সবশেষ ম্যাচ খেলেন গত জানুয়ারিতে, সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টে। ওই ম্যাচে অ্যাডাক্টরের চোট পান তিনি।
ঘরের মাঠে আগামী জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজের আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর কয়েকটি রাউন্ডে খেলে নিজেকে ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন স্টোকস। কিন্তু তার সেই পরিকল্পনার অনেকটাই ভেস্তে গেছে।