১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩৮ বছর বয়সে পাকিস্তান দলে আরেক আফ্রিদি

দুর্নীতির দায়ে ২০২২ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই স্পিনিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

শাহিদ খান আফ্রিদি তো পাকিস্তানের কিংবদন্তি। পরে খেলেছেন রিয়াজ আফ্রিদি। শাহিন শাহ আফ্রিদি, আব্বাস আফ্রিদিরা খেলছেন এখন। এবার পাকিস্তান দলে জায়গা করে নিলেন আরেক আফ্রিদি। তবে নামের চেয়েও তাকে ঘিরে মূল কৌতূহলের কারণ তার বয়স। এই আসিফ খান আফ্রিদির বয়স যে ৩৮ পেরিয়ে গেছে বেশ আগেই!

দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েও পাকিস্তানের ক্রিকেটে খবরের শিরোনামে এসেছিলেন এই আসিফ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দলে ঠাঁই পেয়েছেন আরও দুই নতুন মুখ ফায়সাল আকরাম ও রোহাইল নাজির। দুজনই পাকিস্তানের হয়ে তিনটি করে টি-টোয়েন্টি খেলেছেন। টেস্ট দলে ডাক পেলেন প্রথমবার।

১৮ জনের এই স্কোয়াড অবশ্য চূড়ান্ত নয়। প্রথম টেস্টের আগে আরেকটু ছোট করা হবে দল। 

সেই দলে আফ্রিদি থাকতে পারবেন কি না, তা বলবে সময়। তবে তার এখন দলে ডাক পাওয়াটাও কম বড় ব্যাপার নয়। আগামী ডিসেম্বরে ৩৯ পূর্ণ করবেন তিনি। এই বয়সের আগেই ক্যারিয়ার শেষ হয়ে যায় কতজনের! বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার এখন দেখছেন টেস্ট খেলার স্বপ্ন।

৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার উইকেট ১৯৮টি। একটি সেঞ্চুরি ও আট ফিফটিতে রান করেছেন ১ হাজার ৬৩০।

পাকিস্তানের ক্রিকেটে তিনি আগে আলোচনার জন্ম দিয়েছিলেন নিষিদ্ধ হয়ে। দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে ২০২২ সালে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার খেলায় ফেরেন তিনি। 

ফায়সাল ও রোহাইল পাকিস্তানের ইমার্জিং ও ‘এ’ দলে খেলছেন নিয়মিতই। ২২ বছর বয়সী বাঁহাতি রিস্ট স্পিনার ফায়সাল ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ৪৪ উইকেট। তবে নোমান আলি, সাজিদ খান, আবরার আহমেদরা থাকায় চূড়ান্ত দলে তার থাকার সম্ভাবনা কমই।

রোহাইলকে পাকিস্তানের উঠতি ব্যাটসম্যানদের মধ্যে বেশ সম্ভাবনাময় মনে করা হয়। দ্বিতীয় কিপার-ব্যাটার হিসেবে স্কোয়াডে জায়গা করে নেওয়ার হাতছানি আছে তার সামনে। ২৩ বছর বয়সী ক্রিকেটার ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে প্রায় ২ হাজার রান করেছেন ৫ সেঞ্চুরিতে ও ৩৪.৪৫ গড়ে। 

দলে ডাক পাওয়াদের অনুশীলন শুরু মঙ্গলবার থেকে, লাল বলের কোচ আজহার মাহমুদ ও জাতীয় ক্রিকেট একাডেমির কোচদের তত্ত্বাবধানে। এশিয়া কাপের দলে যারা ছিলেন, তারা ক্যাম্পে যোগ দেবেন শনিবার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের দুই টেস্টের প্রথমটি লাহোরে শুরু ১২ অক্টোবর, পরেরটি রাওয়ালপিন্ডিতে ২০ অক্টোবর থেকে।

পরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে দুই দল। সীমিত ওভারের সিরিজের দল ঘোষণা হবে পরে। 

পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শাফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফায়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হাক, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মোহাম্মাদ রিজওয়ান, নোমান আলি, রোহাইল নাজির, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।