২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ বছর বয়সেই রাঞ্জি ট্রফিতে সহ-অধিনায়ক সুরিয়াভানশি

রূপকথার মতো পথচলায় এবার মাত্র ১৪ বছর বয়সেই রাঞ্জি ট্রফিতে বড় দায়িত্ব পেয়ে গেলেন ভারতের বিস্ময় বালক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 12:13 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

বয়স মোটে ১৪। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞতা স্রেফ ৫ ম্যাচের। স্বীকৃত ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২০ ম্যাচও খেলা হয়নি এখনও। কিন্তু ভারতীয় ক্রিকেটে অবিশ্বাস্য উত্থানের পথচলায় আরও একবার খবরের শিরোণামে বৈভাব সুরিয়াভানশি। বিহার রাজ্য দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ভারতের এই বিস্ময় বালক।

রাঞ্জি ট্রফির নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে অধিনায়ক সাকিবুল গানির পাশে সহকারী হিসেবে রাখা হয়েছে সুরিয়াভানশিকে। ভারতের ঐতিহ্যবাহী এই প্রথম শ্রেণির ক্রিকেট আসরের নতুন মৌসুম শুরু হচ্ছে বুধবার।

সুরিয়াভানশি গত কয়েক মাসে ব্যস্ত ছিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিভিন্ন সিরিজে। যুব দলেও তিনি নেতৃত্বে নেই। মূলত বিস্ময়কর ব্যাটিং দিয়েই ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটে চর্চায় আছেন তিনি। এবার নেতা হিসেবে আলোচনায় এলেন প্রথমবার।

গত বছর থেকেই ভারতীয় ক্রিকেটে তুমুল শোরগোল চলছে তাকে নিয়ে। সেই আলোচনা গত এক বছরে ক্রমেই বেড়েছে তার অবিশ্বাস্য সব পারফরম্যান্সে। ১৩ বছর বয়সেই আইপিলে দল পেয়েছেন তিনি নিলামে ঝড় তুলে। গত এপ্রিলে আইপিএ রাজস্থান র‌য়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে তিনি চুরমার করে দেন অনেক রেকর্ড। টি-টোয়েন্টি ইতিহাসে যেটি সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি।

আইপিএলে সাত ম্যাচ খেলে ২৫২ রান করেন তিনি চোখধাঁধানো স্ট্রাইক রেটে (২০৬.৫৫)।

এরপর ঝড় তোলেন তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। জুলাইয়ে ইংল্যান্ড সফরে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংসের পথে গড়েছেন যুব ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতরানের কীর্তি। ওই সিরিজে পাঁচ ম্যাচে ৩৫৫ রান করেন তিনি ১৭৪ স্ট্রাইক রেটে।

কদিন আগে অস্ট্রেলিয়া সফরে যুব টেস্টে ব্রিজবেনে সেঞ্চুরি করেছেন তিনি ৭৮ বলে। 

প্রথম শ্রেণির ক্রিকেটে তার পথচলা শুরু হয় গত বছরের জানুয়ারিতে বিহারের হয়ে মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে। তবে এখানে ভালো কিছু করতে পারেননি এখনও। পাঁচ ম্যাচে রান করেছেন মোট ১০০, সর্বোচ্চ ইনিংসটি ৪১ রানের। অবশ্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ব্যস্ততার কারণে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা সেভাবে খেলতে পারেননি। 

এবার দুই ম্যাচের জন্য সহ-আধিনায়কত্ব দেওয়া হয়েছে মূলত সেই কারণেই। অনূধর্ব-১৯ দলে আবার ব্যস্ত হয়ে পড়তে হবে তাকে। সামনে আছে যুব বিশ্বকাপও।

বিহার রাজ্য দলের অবস্থা অবশ্য শোচনীয়। গত মৌসুমে রাঞ্জি ট্রফিতে সাত ম্যাচের একটিও জিততে না পেরে তারা নেমে গেছে প্লেট লিগে। এখানে মানিপুর, মিজেরাম, অরুনাচল, সিকিম, মেঘালয়ের মতো দুর্বল দলগুলির সঙ্গে লড়তে হবে তাদেরকে।

সুরিয়াভানশির যে প্রতিভা ও এই বয়সেই যেমন সামর্থ্য, বিহার ছেড়ে অন্য কোনো রাজ্য দলে তাকে খেলানোর আলোচনা উঠেছে ভারতীয় ক্রিকেটে। তবে তাকে ধরে রাখতে সবরকম চেষ্টাই করছে বিহার।